ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গত ১১ জুন বাংলাদেশ লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে পাতানো ম্যাচ খেলার কথা স্বীকার করেছেন রহমতগঞ্জের গোলরক্ষক ইরান শেখ । রহমতগঞ্জের ফুটবল কমিটির সহ-সম্পাদক সালাউদ্দিন কালা অবশ্য সরাসরি স্বীকার করেননি। তবে ক্লাবটির পাতানো ম্যাচ খেলার ইঙ্গিত দিয়েছেন তিনি।
শুক্রবার বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙ্গা এ সম্পর্কিত একটি রিপোর্ট স¤প্রচার করে।
ইরান শেখ বলেন, " সেদিন সব নাটক হয়েছে প্রথমার্ধের পর। কালা ভাই (সালাউদ্দিন কালা) বলেন, 'দাঁড়িয়ে থাকো, গোল হজম করো।' আমি তাই করেছি।"
"রহমতগঞ্জের কর্মকর্তা যা বলেছেন আমি তাই করেছি। আমরা তো তাদের গোলাম। তারা লাখ-লাখ টাকা খেয়েছে, কিন্তু আমি একটি টাকাও পাইনি, " যোগ করেন রহমতগঞ্জের এই গোলরক্ষক।
সালাউদ্দিন কালা সরাসরি না বললেও পরোক্ষে স্বীকার করেন পাতানো ম্যাচে অংশ নেয়ার কথা। তিনি বলেন, "একা একটি দলের পক্ষে পাতানো ম্যাচ খেলা সম্ভব নয়। দু দল মিলেই খেলতে হয়। আর এই লিগে ১৫-১৬টি ম্যাচ পাতানো হয়েছে।"
বাংলাদেশ লিগে চ্যাম্পিয়ন হলেও পাতানো খেলার দায়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়। যদিও পেশাদার লিগ কমিটি বলছে পাতানো নয়, শেখ জামাল ও রহমতগঞ্জের খেলাটি ছিল 'সমঝোতার ম্যাচ'। রহমতগঞ্জকে জরিমানা করা হয় ৫ লাখ টাকা।
এছাড়া রহমতগঞ্জের গোলরক্ষক ইরান শেখ এবং সালাউদ্দিন কালাকে তিন বছর করে নিষিদ্ধ করা করা হয়।
বিডিনিউিজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২২৩৮ঘ.
bdnews24