২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অজুহাত দেখালেন না সাবেইয়া

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে হেরে যাওয়ার জন্য কোনো অজুহাত দেখালেন না আর্জেন্টিনার কোচ আলেহান্দ্রো সাবেইয়া। সরাসরি স্বীকারই করে নেন তিনি, ভালো দলের কাছেই হেরে গেছে তার দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2011, 08:24 AM

Updated : 24 Aug 2022, 04:26 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে হেরে যাওয়ার জন্য কোনো অজুহাত দেখালেন না আর্জেন্টিনার কোচ আলেহান্দ্রো সাবেইয়া। সরাসরি স্বীকারই করে নেন তিনি, ভালো দলের কাছেই হেরে গেছে তার দল। ব্রাজিলের উত্তরাঞ্চলীয় জঙ্গল-শহর বেলিমে বুধবার সন্ধ্যায় লুকাস ও নেইমারের দ্বিতীয়ার্ধের গোলে ২-০ ব্যবধানে হার মানে আর্জেন্টিনা। ঠিক দু'সপ্তাহ আগে আর্জেন্টিনায় উভয় দলের খেলা অমীমাংসিতভাবে (০-০ গোল) শেষ হওয়ায় সুপারক্লাসিকো অব দ্য আমেরিকাস জিতে নেয় ব্রাজিল। খেলায় খেলানো হয় কেবল দেশ দু'টোর ঘরোয়া লিগের খেলোয়াড়দের। ইউরোপের বিভিন্ন দেশের লিগে যে সব খেলোয়াড় খেলছেন তাদের খেলানো হয়নি। খেলা শেষে সাবেইয়া বলেন, "পুরো ৯০ মিনিটই ব্রাজিল ভালো খেলেছে। বিশেষ করে, প্রথমার্ধে তো তারা রীতিমতো চাপে রাখে আমাদের।" "দ্বিতীয়ার্ধে অবশ্য আমরা অনেক ভালো খেলি। কিন্তু মজার ব্যাপার, এই অর্ধেই নিতে হয় গোলের তিক্ত স্বাদ," যোগ করেন কোচ। খেলার কৌশল নিয়ে সাবেইয়ার মনে কোনো আক্ষেপ নেই। তবে ভবিষ্যতে রক্ষণভাগে চারজনকে খেলানোর সম্ভবনা তিনি উড়িয়ে দেননি। এরপর কথা-বার্তা বলেন তিনি বিশ্বকাপের আসন্ন বাছাই পর্বের প্রথম দুই খেলার দল নিয়ে। তিনি তার দল এরই মধ্যে ঠিক করে ফেলেছেন বলে জানান। সাবেইয়া বলেন, "আমার দলের শতকরা ৮০ থেকে ৯০ ভাগ খেলোয়াড় আমি ঠিক করে ফেলেছি। এখন কেবল ঘরোয়া লিগের কয়েকজন খেলোয়াড় বেছে নেয়ার প্রয়োজন আছে।" বছাই পর্বে আর্জেন্টিনা ৭ অক্টোবর ঘরের মাঠে খেলবে চিলির বিপক্ষে। ১১ অক্টোবর অতিথি হয়ে খেলতে যাবে ভেনিজুয়েলায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪১৩ ঘ.