ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লুকাস ও নেইমারের গোলের সুবাদে প্রীতি খেলায় ব্রাজিল ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনাকে। খেলায় কেবল দেশ দু'টোর ঘরোয়া লিগের খেলোয়াড়রা অংশ নেন, খেলেননি ইউরোপীয় লিগে অংশগ্রহণকারী কোনো খেলোয়াড়।
ফিরতি খেলায় এই জয়ের ফলে সুপারক্লাসিকো অব দ্য আমেরিকাসের শিরোপা নিজের করে নিল ব্রাজিল। দু'সপ্তাহ আগে আর্জেন্টিনার কর্ডোবায় প্রথম খেলা গোলশূন্য ড্র হয়।
খেলার ৫৪ মিনিটে ব্রাজিলকে এগিয়ে নেন লুকাস। ৭৫ মিনিটে জয় নিশ্চিত করেন নেইমার।
ব্রাজিলের উত্তরাঞ্চলীয় জঙ্গল-শহর বেলিমের ৪৩ হাজার আসনের ম্যাঙ্গুয়েরাও স্টেডিয়াম ছিল প্রায় কানায় কানায় পূর্ণ। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত স্বাগতিক দর্শকরা সাম্বার তালে তালে খেলোয়াড়দের উৎসাহ দিয়ে যান সমান তালে।
খেলোয়াড়রাও তাদের প্রত্যাশা ভেঙে দেননি। চমৎকার খেলেন তারা। বেশিরভাগ সময়ই বল ঘুর-পাক খায় তাদের পায়ে পায়ে। তবে আর্জেন্টিনাও যে হুমকি হয়ে ওঠেনি তা কিন্তু নয়। মাঝে মধ্যে তারাও কাঁপন ধরিয়ে দিচ্ছিল স্বাগতিক সমর্থকদের বুকে।
আর্জেন্টিনার এক খেলোয়াড়ের খুবই বাজে একটি কর্নার কিক থেকে বল পেয়ে যান দানিলো। লম্বা করে বল ফেলেন তিনি প্রতিপক্ষের বক্সের প্রায় কাছাকাছি জায়গায়। এদিকে দানিলো যখন শট নেন, ঠিক সেই মুহূর্তে লুকাস দৌড় শুরু করেন প্রায় মাঝমাঠ থেকে। অবিশ্বাস্য ক্ষীপ্রতায় বলটি ধরেই মাটি ঘেঁষা শট নেন তিনি। তীব্র গতিতে বলটি গোলরক্ষককে অতিক্রম করে আশ্রয় নেয় জালে।
দেশের হয়ে এই প্রথম গোল করলেন সাও পাওলোর ১৯ বছর বয়সী এই খেলোয়াড়।
দ্বিতীয় গোলটি আসে অনেকের মতে এই মুহূর্তে ব্রাজিলের সেরা খেলোয়াড় নেইমারের পা থেকে। বদলি খেলোয়াড় দিয়েগো সউজা আড়াআড়িভাবে বল ঠেলে দেন প্রতিপক্ষের বক্সে। মাত্র ছয় গজ দূর থেকে প্রচণ্ড শট নেন নেইমার। আর্জেন্টিনার গোলরক্ষক কোনো সুযোগই পাননি বলটি ঠেকানোর।
বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/টিআর/১০১৭ ঘ.
bdnews24