ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম মহিলা ফুটবল লিগের উদ্বোধনী খেলায় বুধবার শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৪-০ গোলে হারিয়েছে দিপালী যুব সংঘকে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলতে থাকে শেখ জামালের ফুটবলাররা। ৩ মিনিটের সময় গোলের দেখাও পেয়ে যায় তারা। দেশের সেরা ফরোয়ার্ড সাবিনা খাতুনের গোল এগিয়ে দেয় ধানমন্ডির দলটিকে (১-০)। দশম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন শারমিন আকতার রূপা।
তার দশ মিনিট পর দলের পক্ষে তৃতীয় গোল করেন অম্রাচিং মারমা। প্রথমার্ধ শেষ হয় ৩-০ ব্যবধানেই।
দ্বিতীয়ার্ধে খুব বেশি আক্রমণ করেনি শেখ জামাল। তারপরও ৭০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন সাবিনা।
প্রথম মহিলা ফুটবল লিগে অংশ নিচ্ছে ৮টি দল। দলগুলো হলো Ñ শেখ জামাল ধানমন্ডি ক্লাব, ওয়ারী ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, দিপালী যুব সংঘ, মোহামেডান স্পোর্টিং ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব।
এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্য থাকছে ৫০ ও ৩০ হাজার টাকার পুরস্কার। এছাড়া সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার জন্যও পুরস্কার থাকছে। পাশাপাশি রয়েছে ফেয়ার প্লে ট্রফিও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/১৮৪২ ঘ.
bdnews24