২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মেসির সঙ্গে কারো তুলনাই চলে না'

লিওনেল মেসিকে অতুলনীয় বলে অভিহিত করেছেন তার বার্সেলোনা সতীর্থ দাভিদ ভিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2011, 04:54 PM

Updated : 24 Aug 2022, 04:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লিওনেল মেসিকে অতুলনীয় বলে অভিহিত করেছেন তার বার্সেলোনা সতীর্থ দাভিদ ভিয়া। গত মৌসুমের গোল করার দক্ষতা এই মৌসুমেও ধরে রেখেছে মেসি। স্পেনের লা লিগায় ইতিমধ্যেই দুটো হ্যাটট্রিক করেছেন তিনি। আট গোল নিয়ে তিনিই এখন গোলদাতাদের তালিকার শীর্ষে। আর মাত্র চারটি গোল করলেই বার্সার পক্ষে সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার সম্মান নিজের করে নেবেন মেসি। ১৯৬টি গোল নিয়ে আপাতত মেসির ঠিক ওপরেই আছেন লাজলো কুবালা। কুবালাকে পেছনে ফেলতে আর্জেন্টাইন তারকার বেশি দিন লাগার কথা নয়। এরপর তার লক্ষ্য থাকবে বার্সার হয়ে সবচেয়ে বেশি গোল করা (২৩৫টি) সিজার রদ্রিগেজের রেকর্ডটির দিকে। এক সংবাদ সম্মেলনে ভিয়া বলেন, "মেসি অসম্ভব সব কাজ করছে। ওর পরিসংখ্যানের দিকে তাকালে আপনার চোখ কপালে উঠে যাবে। তার সঙ্গে কারো তুলনাই চলে না।" এই মৌসুমে পাঁচটি গোল করেছেন ভিয়া। নিজেকে নিয়েও বেশ উচ্ছ্বসিত এই স্ট্রাইকার। তিনি বলেন, "মাঠ ও মাঠের বাইরে খুব ভালো সময় কাটাচ্ছি। আশা করি এখানে (বার্সেলোনায়) আরো কয়েক বছর থাকতে পারবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২২০৫ঘ.