ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইতালির সেরি আয় জিতেছে এএস রোমা, সিয়েনা, আটলান্টা ও শিয়েভো ভেরোনা। গোলশূন্য ড্র হয়েছে ক্যলিয়ারি ও উদিনেস এবং লাজিও ও পালের্মোর খেলা। আর কাতানিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে আবারো পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে জুভেন্টাস।
স্তাদিও অ্যাঞ্জেলো মাসিমিনোয় রোববার অতিথি হয়ে খেলতে গিয়ে ২২ মিনিটে পিছিয়ে পড়ে জুভেন্টাস। কাতানিয়াকে এগিয়ে নেন গঞ্জালো বার্গেসিও। ৪৯ মিনিটে খেলায় সমতা ফেরান মিলোচ ক্রাসিচ। অবশ্য গোলরক্ষক মারিনো এন্ডুজার ভুলে গোলের এই তিক্ত স্বাদ নিতে হয় কাতানিয়াকে।
খেলার ৮১ মিনিটে এগিয়ে যেতে পারতো জুভেন্টাস। ক্রাসিচ চমৎকারভাবে বল তুলে দেন প্রতিপক্ষের বক্সের মধ্যে। মাথা দিয়ে গোলও করার চেষ্টা করেন আলেসান্দ্রো দেল পিয়েরো। কিন্তু তার দুর্বল 'হেড' ঠেকিয়ে দেন গোলরক্ষক।
ভেরোনায় শিয়েভো ২-১ গোলে জেতে জেনোয়ার বিপক্ষে। খেলার ৪৮ মিনিটে রড্রিগো পালাসিওর গোলে এগিয়ে যায় জেনোয়া। ৭৪ মিনিটে খেলায় সমতা ফিরিয়ে আনেন সার্জিও পেলিসিয়ের। শেষ মিনিটে শিয়েভোর পক্ষে জয়সূচক গোল করেন ডেভিড মোসকারদেল্লি।
বার্গামোয় মাতিয়াস আটলান্টাকে এগিয়ে নেন ৩৪ মিনিটে। ৫৯ মিনিটে ব্যবধান বাড়ান লুকা সিগারিনি। খেলা শেষের বাঁশি বাজার আগে আগে নোভারার পক্ষে একটি গোল শোধ করেন ফিলিপ্পো পোর্সেরি।
নিজেদের মাঠে সিয়েনা ৩-০ গোলে স্রেফ উড়িয়ে দেয় লিসকে। খেলার ৬ মিনিটেই সিয়েনাকে এগিয়ে নেন মাত্তিয়া দেস্ত্রো। ৫৩ ও ৭০ মিনিটে ব্যবধান বাড়ান ইমানুয়েল কালাইয়ো।
পার্মার মাঠে অতিথি হিসেবে খেলতে গিয়ে জিতে বাড়ি ফিরেছে রোমা। খেলার একমাত্র গোলটি করেন পাবলো ওসভালদো, ৫০ মিনিটে।
চার খেলায় জুভেন্টাস ও উদিনেসের পয়েন্ট ৮। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় আবারো শীর্ষে উঠে গেছে জুভেন্টাস। সমান খেলায় ৭ পয়েন্ট নিয়ে শিভো আছে তৃতীয় স্থানে। পালের্মো, ফিওরেন্টিনা, নাপোলি, জেনোয়া ও ক্যলিয়ারির পয়েন্ট ৭ হলেও গোল ব্যবধানে পিছিয়ে আছে দলগুলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪১৪ ঘ.
bdnews24