ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রিচার্ড ডানের শেষ মুহূর্তের আত্মঘাতী গোলই ডুবিয়েছে অ্যাস্টন ভিলাকে। দশজনের কুইন্স পার্ক রেঞ্জার্সের সঙ্গে ১-১ গোলে ড্র করে হারিয়েছে ২ পয়েন্ট।
লন্ডনের লফটাস রোড স্টেডিয়ামে প্রিমিয়ার লিগে রোববার খেলার শেষ দিকে বিজয় উল্লাস প্রায় শুরু করে দিয়েছিলেন ভিলার সমর্থকরা। কিন্তু ৯০ মিনিটে এতে পানি ঢেলে দিল নিয়তি, এছাড়া আর কি-ই বা বলা যায়।
বিপদমুক্ত করার জন্য শট নেন স্টিফেন ওয়ারনক। কিন্তু ডানের গায়ে লেগে বল চলে যায় ভিলার 'গোল-লাইন' অতিক্রম করে। সঙ্গে সঙ্গে নীরব হয়ে পড়েন ভিলার ভক্তরা। দলটিরও আর পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে উঠে আসা হলো না।
আত্মঘাতী এই গোলটি ছাড়া পুরোটা সময় চমৎকার খেলেন ম্যানটেস্টার সিটির সাবেক এই 'সেন্টার ব্যাক'। এবার নিয়ে নয়বার আত্মঘাতী গোল করে বসলেন ডান। প্রিমিয়ার লিগে এর আগে আর কোনো খেলোয়াড়ের ভাগ্য তার সঙ্গে এতটা পরিহাস করেনি।
এর আগে খেলার ৫৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ভিলাকে এগিয়ে নেন ব্যারি বানান। আড়াআড়িভাবে প্রতিপক্ষের বক্সে বল ঠেলে দেন ওয়ারনক। সেই বল ধরার জন্য ছুটে যাওয়ার সময় গ্যাব্রিয়েল আগবোনাহরের জার্সি টেনে ধরেন আরমান্দো ত্রায়োর। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। লাল কার্ডও দেখান ত্রায়োকে।
ছয় খেলায় ভিলার পয়েন্ট ৮। আছে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে। সমান খেলায় কুইন্স পার্কেরও পয়েন্ট ৮। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দলটি আছে নয় নম্বরে।
ম্যানচেস্টার ইউনাইটেড ছয় খেলায় ১৬ পয়েন্ট নিয়ে আছে তালিকার শীর্ষে। সমান খেলায় নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিরও পয়েন্ট ১৬। তবে গোল ব্যবধানে পিছিয়ে আছে দলটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২১৯ ঘ.
bdnews24