২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসি ও রোনালদোর হ্যাট্রিক

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাট্রিকের সুবাদে স্পেনের লা লিগায় শনিবার রাতে প্রতিপক্ষকে নাকানি-চুবানি খাইয়ে ছেড়েছে তাদের দল। বার্সেলোনা ৫-০ গোলে হারিয়েছে আতলেটিকো মাদ্রিদকে। রায়ো ভালেকানোর বিপক্ষে ৬-২ গোলে জিতেছে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2011, 06:00 AM

Updated : 24 Aug 2022, 04:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাট্রিকের সুবাদে স্পেনের লা লিগায় শনিবার রাতে প্রতিপক্ষকে নাকানি-চুবানি খাইয়ে ছেড়েছে তাদের দল। বার্সেলোনা ৫-০ গোলে হারিয়েছে আতলেটিকো মাদ্রিদকে। রায়ো ভালেকানোর বিপক্ষে ৬-২ গোলে জিতেছে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যুতে অতিথি হয়ে খেলতে গিয়ে ৭২ হাজার সমর্থকের উল্লাস খেলার প্রথম মিনিটেই থামিয়ে দেন ভালেকানোর মিচু। ৩৮ মিনিটে গোল করে সমর্থকদের মনে স্বস্তি ফিরিয়ে আনেন রোনালদো। ৪৫ মিনিটে গঞ্জালো হিগুয়েন দলকে এগিয়ে নিলে উল্লাসে ফেটে পড়ে স্টেডিয়াম। খেলার ৫১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। ৮৪ মিনিটে আবারো পেনাল্টির বাঁশি বাজান রেফারি। শট নেন রোনালদো। বল জালে আশ্রয় নেয় পোস্টের ডান দিক ঘেঁসে। সঙ্গে সঙ্গে রোনালদোর ছুটে যান দর্শকদের দিকে। তাদের সঙ্গে ভাগাভাগি করে নেন হ্যাট্রিক করার আনন্দ। এর আগে ৬৭ মিনিটে রাফায়েল ভারানে ও ৭৩ মিনিটে গোল করেন করিম বেনজেমা। ভালেকানোর পক্ষে মিচু অবশ্য একটি গোল শোধ করেন ৫৫ মিনিটে। নু ক্যাম্পেও একই অবস্থা হয়েছে আতলেটিকোর। তবে ৭৯ হাজার সমর্থকদের উল্লাস একবারের জন্যও থামেনি। বরং তা বেড়েই চলে খেলা গড়ানোর সঙ্গে তাল মিলিয়ে। প্রতিপক্ষ দলকে নিয়ে ছেলে-খেলা করতে দেখলে যে ভালো লাগারই কথা সমর্থকদের। খেলার ৯ মিনিটেই দাভিদ ভিয়া এগিয়ে নেন বার্সাকে। ১৫ মিনিটে মিরান্ডার আত্মঘাতী গোলে ব্যবধান বেড়ে যায় আতলেটিকোর সঙ্গে। এরপর দর্শকরা দেখলেন মেসির পায়ের কাজ। চোখ জুড়িয়ে গেলো স্টেডিয়ামের তো বটেই, টেলিভিশনের দর্শকদেরও। ২৬, ৭৮ ও খেলা শেষের বাঁশি বাজার আগে আগে (৯০ ১) গোল দিয়ে আদায় করে নিলেন তিনি তার হ্যাট্রিক। তারপর দর্শকদের অভিনন্দনের জবাব দিলেন দু'হাত তুলে। বার্সা আছে এখন পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। ৫ খেলায় দলটির পয়েন্ট ১১। সমান খেলায় ১০ পয়েন্ট নিয়ে রিয়াল আছে চার নম্বরে। খেলায় হেরে যাওয়ায় আতলেটিকোর পয়েন্ট যা ছিল তাই আছে, ৫ খেলায় ৭। সমান খেলায় ভালেকানোর পয়েন্ট ৫। রিয়াল বেটিস আছে পয়েন্ট তালিকার শীর্ষে। ৪ খেলায় দলটির পয়েন্ট ১২। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১৪৪ ঘ.