ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লিগে টানা দুই খেলায় পাঁচ পয়েন্ট হারালেও দল চাপে পড়েছে এমন কথা মানতে নারাজ রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো।
গত সপ্তাহে লেভান্তের কাছে হারের পর রেসিং সান্তান্দারের সঙ্গে গোলশূন্য ড্র করে রিয়াল মাদ্রিদ।
মৌসুমের শুরুতে হোঁচট খাওয়ায় রিয়ালের জন্য শিরোপা দৌড়ে ঘুরে দাঁড়ানো বেশ কঠিন হবে, সমালোচকদের এমন মন্তব্যের উত্তর দিলেন 'স্পেশাল ওয়ান' নামে পরিচিত এই কোচ। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "কিছু মানুষ আমাদের সমালোচনা করছেন। বলছেন, আমরা কঠিন সময় পার করছি এবং আমাদের জন্য ঘুরে দাঁড়ানো কঠিন হবে। আসলে কেউ কেউ এমন পরিস্থিতি নিয়ে কথা বলতে ভালোবাসেন। তাদের বলতে চাই, আমরা চাপে নেই। গত সপ্তাহটা আমাদের ভালো কাটেনি এই যা।"
চাপ না থাকার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি আরো বলেন, "খারাপ ফলের পর খেলোয়াড়দের উদ্দীপ্ত করাটা সহজ হয়। যদি মনে করেন যা করছেন সেটাই যথেষ্ট, তাহলে আপনি আমাদের মতো উচ্চাকাক্সক্ষী নন। মৌসুম তো সবে শুরু হলো মাত্র।"
শনিবার রায়ো ভায়েকানোর মুখোমুখি হচ্ছে রিয়াল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/২১২২ ঘ.
bdnews24