ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আল-ওয়াসলের কোচ হিসেবে দিয়েগো মারাদোনার নিয়োগকে 'হাস্যকর' মনে করছেন ক্লাবটির প্রতিপক্ষ আল-জাজিরার এক শীর্ষস্থানীয় প্রশাসক।
গত মে মাসে দুই বছরের জন্য দুবাইয়ের ক্লাব আর-ওয়াসলের সঙ্গে চুক্তিবদ্ধ হন আর্জেন্টিনার সাবেক কোচ মারাদোনা। তবে আর্জেন্টিনার '৮৬ বিশ্বকাপ জয়ের নায়ককে 'হাস্যকর চরিত্র' হিসেবে আখ্যা দিয়েছেন আল-জাজিরার অন্যতম পরিচালক আন্দ্রে ওয়েটজেল।
ওয়েটজেল বলেন, "আমি আল-ওয়াসলের সিদ্ধান্তের কারণ বুঝতে পেরেছি। যেখানে মারাদোনা সেখানেই ক্যামেরা। এটা আসলে পুরোপুরি বিপণনজনিত সিদ্ধান্ত। কিন্তু আপনি তাকে কোচ বলতে পারেন না। তিনি একজন হাস্যকর ব্যক্তি।"
"অবশ্য আমাদের প্রতিদ্বন্দ্বী ক্লাব আল-ওয়াসল তার মতো এক জনকে কোচের দায়িত্ব দেয়ায় আমি খুশিই হয়েছি। তার তো নিজের কাজ সম্পর্কে তেমন ধারণাই নেই। তার আচার-আচরণও ভীষণ হাস্যকর," যোগ করেন তিনি।
মারাদোনা ২০১০ বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ ছিলেন। কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে হেরে আর্জেন্টিনা বিদায় নেয়ার পর ১০ মাস কোনো দায়িত্বে ছিলেন না তিনি। এর পর যোগ দেন দুবাইয়ের দলটিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮৩২ঘ.
bdnews24