ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভালো মানের ফুটবলার তৈরির লক্ষ্যে এক ব্যতিক্রর্মী উদ্যোগ নিয়েছেন গত মৌসুমে মুক্তিযোদ্ধার কোচ হিসেবে দায়িত্ব পালন করা মারুফুল হক। 'ক্রিয়েটিভ ফুটবল স্কুল' নামে ফুটবলার তৈরির একটি প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন তিনি।
শুক্রবার সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাঠে শুরু হবে এ স্কুলের কার্যক্রম। এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এসএম নজরুল ইসলাম।
এই প্রতিষ্ঠানের পরিচালক ও প্রধান কোচের দায়িত্ব পালন করবেন মারুফ। এই উদ্যোগে তিনি পাশে পাচ্ছেন জাতীয় দল থেকে কয়েক দিন আগে অবসর নেয়া আমিনুল হককে। পরিচালক হিসেবে এ কার্যক্রমে থাকছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
আপাতত এই প্রতিষ্ঠানে বিনা পয়সায় ভর্তি হওয়া যাবে। মাসিক সম্মানী দিতে হবে না বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন, "দেশে ভালো মানের ফুটবলারের সঙ্কট রয়েছে। তাই আমাদের লক্ষ্য ভালো মানের ফুটবলার তৈরি করা। আমাদের প্রতিষ্ঠানে দক্ষ ও প্রতিভাবান ফুটবলার তৈরি করা হবে।"
অনূর্ধ্ব-১১ ও অনূর্ধ্ব-১৩ বছরের ছেলেদের নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে এই প্রতিষ্ঠান।
আগামীতে আরো বিভাগ বাড়বে বলে জানান মারুফ।
তিনি জানান পরবর্তীতে গুলশান, বনানী, উত্তরা ও মিরপুরেও প্রতিষ্ঠানটি স¤প্রসারণের পরিকল্পনা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২০১২ঘ.
bdnews24