২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবাগত নোভারার কাছেও ইন্টারের হার

এবারের মৌসুম দুঃস্বপ্নের মতো শুরু করা ইন্টার মিলান ব্যর্থতার বৃত্ত থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারছে না। গত শনিবার রোমার সঙ্গে ড্র করার পর মঙ্গলবার ইতালির 'সেরি আ'তে নবাগত নোভারার কাছে ৩-১ গোলে হেরেই গেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2011, 12:02 PM

Updated : 24 Aug 2022, 04:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এবারের মৌসুম দুঃস্বপ্নের মতো শুরু করা ইন্টার মিলান ব্যর্থতার বৃত্ত থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারছে না। গত শনিবার রোমার সঙ্গে ড্র করার পর মঙ্গলবার ইতালির 'সেরি আ'তে নবাগত নোভারার কাছে ৩-১ গোলে হেরেই গেছে তারা। এই মৌসুমে এখনো জয়ের মুখ দেখেনি ইন্টার মিলান। বরং নতুন কোচ জিয়ান পিয়েরো গ্যাসপেরিনির অধীনে পাঁচটি খেলার মধ্যে চারটিতেই হেরেছে। মৌসুমের শুরুতেই ইতালিয়ান সুপার কাপে এসি মিলানের কাছে শিরোপা হারিয়েছে ইন্টার। 'সেরি আ'তে নিজেদের প্রথম খেলায়ও পালের্মোর কাছে ৪-৩ গোলে হেরে গেছে তারা। সেই হারের ক্ষত শুকাতে না শুকাতে গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে ত্রাবজন্সপারের কাছেও বিস্ময়করভাবে হার মেনেছে। অতিথি ইন্টারের বিপক্ষে ৩৮ মিনিটে এগিয়ে যায় নোভারা। আক্রমণভাগের খেলোয়াড় জাপানের তাকাইয়ুকি মোরিমোতোর কাছ থেকে বল পেয়ে ইন্টারের সাবেক খেলোয়াড় রিকার্দো মেজ্জিওরিনি গোলটি করেন। এক সময় মনে হচ্ছিলো এই এক গোলে জিতেই মাঠ ছাড়বে নোভারা। কিন্তু খেলার শেষ পাঁচ মিনিটে গোল হয় আরো তিনটি। ৮৬ মিনিটে মোরিমোতোকে নিজেরদের বক্সে অবৈধভাবে বাধা দেন ইন্টারের রক্ষণভাগের খেলোয়াড় আন্দ্রিয়া রানোচ্চিয়া। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সেই সঙ্গে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রানোচ্চিয়াকে। ইন্টার পরিণত হয় ১০ জনের দলে। পেনাল্টি থেকে গোল করেন মার্কো রিজোনি। তিন মিনিট পর একটি গোল শোধ করেন ইন্টারের মাঝমাঠের খেলোয়াড় এস্তেবান ক্যাম্বিয়াসো। ব্যবধান ২-১ হয়ে যাওয়ায় খেলায় তখন তুমুল উত্তেজনা। তবে রিজোনির দ্বিতীয় গোল নিশ্চিত করে দেয় ইন্টারের আরেকটি হার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৭৪৮ ঘ.