২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাপোলির কাছে এসি মিলানের হার

কাভানির হ্যাট্রিকে সেরি আতে রোববার নাপোলি ৩-১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন এসি মিলানকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2011, 10:03 AM

Updated : 24 Aug 2022, 04:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কাভানির হ্যাট্রিকে সেরি আতে রোববার নাপোলি ৩-১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন এসি মিলানকে। একই সঙ্গে জানান দিয়ে দিলো গতবার তৃতীয় হলেও এবার লিগ শিরোপার লড়াইয়ে প্রস্তুত হয়েই নেমেছে তারা। দুই খেলায় ৬ পয়েন্ট নিয়ে বর্তমানে নাপোলিই তালিকায় শীর্ষে । দিনের অন্যান্য খেলায় উদিনেস ২-০ গোলে ফিওরেন্তিনাকে, জুভেন্তাস ১-০ গোলে সিয়েনাকে, পার্মা ২-১ গোলে শিয়েভোকে, জোনোয়া ২-১ গোলে লাজিওকে, কাতানিয়া ১-০ গোলে চেসেনাকে, লেচ্চে ২-০ গোলে বোলোনাকে ও আতলান্তা ১-০ গোলে পালের্মোকে হারিয়েছে। এদিনসন কাভানি জাদুতে এই সপ্তাহটা দারুণ কাটলো নাপোলির। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের উদ্বোধনী খেলায় তারা ইংল্যান্ডের দল ম্যানচেস্টার সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করে এক পয়েন্ট ছিনিয়ে নিয়েছিলো। যদিও চোটের কারণে তারকা খেলোয়াড় জলাতান ইব্রাহিমোভিচ, অধিনায়ক ম্যাসিমো আম্ব্রোসিনি ও কেভিন প্রিন্সকে ছাড়াই নাপলির বিপক্ষে মাঠে নামতে হয়েছে মিলানকে। তারপরও অতিথি মিলানই মাঝমাঠের খেলোয়াড় আলবার্তো আকুইলানির গোলে প্রথমে এগিয়ে গিয়েছিলো। তবে এক মিনিটের বেশি সেই ব্যবধান ধরে রাখতে পারেনি তারা। ১৩ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান কাভানি। পরে ৩৬ ও ৫১ মিনিটে আরো দুইটি গোল করে মৌসুমে নিজের প্রথম হ্যাট্রিকের দেখা পান কাভানি। সেই সঙ্গে দলকে এনে দেন গুরুত্বপূর্ণ এক জয়। গত মৌসুমেও ২৬ গোল করে এক মৌসুমে মিলানের পক্ষে সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়েছিলেন কাভানি। হ্যাট্রিক করেছিলেন জুভেন্তাস, স্যাম্পদোরিয়া ও লাজিওর বিপক্ষে। খেলা শেষে কাভানি বলেন, "এখানকার পরিবেশ ও এই জয় সত্যিই দারুণ। এর অর্থ আমরা দারুণ খেলেছি যা খুবই গুরুত্বপূর্ণ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৪৫৭ ঘ.