ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে (ইপিএল) শনিবার ব্ল্যাকবার্ন রোভার্সের কাছে ৪-৩ গোলে হেরেছে আর্সেনাল। নিচের সারির দল ব্ল্যাকবার্নের কাছে আর্সেনালের হারকে বড় অঘটনই বলতে হবে। লিগে পঞ্চম খেলায় এটি আর্সেন ওয়েঙ্গারের দলের তৃতীয় হার।
সামরি নাসরি ও সেস ফ্যাব্রেগাসকে বিক্রির পর থেকেই পথ হারিয়ে ফেলেছে লন্ডনের দলটি। তিন সপ্তাহ আগে ম্যানচেষ্টার ইউনাইটেডের কাছে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় হারের (৮-২ গোলে) আগে লিভারপুলের কাছেও হেরেছিল তারা।
শনিবার খেলা শুরু হওয়ার আগে দুই দলই ছিল ভীষণ অস্বস্তিকর অবস্থায়। টানা ব্যর্থতার কারণে আর্সেনাল কোচ ওয়েঙ্গার ছিলেন চাপের মধ্যে। অন্যদিকে কোচ স্টিভ কিনের পদত্যাগের দাবীতে খেলা শুরুর আগে প্রতিবাদ করে একদল ব্ল্যাকবার্ন সমর্থক।
খেলা শেষে সেই কিনের মুখেই সাফল্যের হাসি। প্রথমার্ধ শেষে ২-১ গোলে পিছিয়ে থাকা ব্ল্যাকবার্নই শেষ পর্যন্ত জিতেছে।
তবে শুরুতে আর্সেনালেরই প্রাধান্য ছিল খেলায়। ১০ মিনিটে জার্ভিনহোর গোলে এগিয়েও যায় তারা। তবে ২৫ মিনিটে অভিষিক্ত আইয়েগবেনি ইয়াকুবুর গোলে ঘরের মাঠ ইউড পার্কে সমতায় ফেরে ব্ল্যাকবার্ন।
কিন্তু ৯ মিনিট পর মিকেল আরতেতার গোলে আবারো এগিয়ে যায় অতিথিরা।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে অ্যালেজান্দ্রে সংয়ের ভুলে আত্মঘাতি গোল হজম করে আর্সেনাল। সুবাদে আবার সমতা (২-২) ফিরে আসে খেলায়।
এরপর ইয়াকুবুর দ্বিতীয় গোল এগিয়ে দেয় ব্ল্যাকবার্নকে। আর্সেনালের দুর্দশা সেখানেই শেষ হয়নি। লরেন্ত কোসিলনির আত্মঘাতী গোলে আরো পিছিয়ে পড়ে তারা। ৮৫ মিনিটে মারুয়ানে শামাখ গোল করলেও অতিথিরা হার এড়াতে পারেনি।
এই হারে পাঁচ খেলায় ৪ পয়েন্ট নিয়ে লিগে ত্রয়োদশ স্থানে আছে আর্সেনাল। সমান ৪ পয়েন্ট নিয়ে একেবারে নিচ থেকে গোলগড়ে একাদশ স্থানে উঠে এসেছে ব্ল্যাকবার্ন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২১৩০ঘ.
bdnews24