ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাসেলসে ডায়মন্ড লিগে সাফল্য পেয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন ইয়োহান ব্লেক ও উসাইন বোল্ট। ২০০ মিটারে ব্লেক ও ১০০ মিটারের সোনা জিতেছেন বোল্ট।
বিশ্ব অ্যাথলেটিকসে ১০০ মিটারে সোনা জেতা ব্লেক এবার ২০০ মিটার শেষ করেছেন ইতিহাসের দ্বিতীয় সেরা সময়ে, ১৯.২৬ সেকেন্ডে। এই ইভেন্টে বিশ্ব রেকর্ডের মালিক উসাইন বোল্ট (১৯.১৯)। ১৯.৩২ সেকেন্ড সময় নিয়ে মাইকেল জনসনের অবস্থান তৃতীয়।
এই প্রতিযোগিতায় ২০০ মিটারে অংশ না নিলেও ১০০ মিটারে সোনা জিততে সমস্যা হয়নি বোল্টের। এ বছর নিজের সেরা সময়ে (৯.৭৬ সেকেন্ড) সবাইকে পেছনে ফেলে দেইগুতে ব্যর্থতার হতাশা খানিকটা ভুলতে পেরেছেন তিনি।
সোনা জেতার পর ব্লেক বলেন, "আজ রাতে আমি ১৯.৫ সেকেন্ড সময়ের মধ্যে দৌড়াতে চেয়েছিলাম। আমি জোরে দৌড়ানোর কথা ভেবেছিলাম, কিন্তু এতো দ্রুত দৌড়ানোর কথা ভাবিনি।
তিনি বলেন, "দেইগুতে বোল্টকে ১৯.৪০ সেকেন্ড সময়ে দৌড়াতে দেখার পর থেকে জানতাম আমিও তার মতো জোরে দৌড়াতে পারবো।"
"আমি আগামী বছর তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার দিকে তাকিয়ে আছি। পরের বছর আমিই হবো তার প্রধান প্রতিপক্ষ," যোগ করেন তিনি।
ব্লেক সহজে জিতলেও নেস্তা কার্টারের কারণে বোল্টকে জেতার জন্য ঘাম ঝরাতে হয়েছে। ৬০ মিটার পর্যন্ত তার সঙ্গে ছায়ার মতো লেগেছিলেন নেস্তা।
সোনা জেতার পর বোল্ট বলেন, "আমি সুখী। আর কোনো দিন (দেইগুর মতো ফলস স্টার্ট) হবে না। আমি একবার ভুল করেছি। আরেকবার তা হতে দিতে পারি না।"
নিজেকে নিয়ে নয়, বোল্ট বরং মুগ্ধ ব্লেককে দেখে। নিজে সোনা জেতার পর ব্লেকের ইভেন্টের আগে নিজে থেকেই তাকে কিছু পরামর্শ দেন বোল্ট। ব্লেকের জয় দেখার পর বলেন, "আমি তার দৌড় দেখে বিস্মিত হয়েছি। তিনি খুব ভালো করেছেন।"
"আমি তার বেশ কটি ২০০ মিটারের দৌড় দেখেছি। সেখানে তিনি তেমন ভালো করতে পারেন নি। আমি তাকে বলেছিলাম, বৃত্তাকারে ঘোরার সময় সহজ থাকতে," যোগ করেন বোল্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৩৭ঘ.
bdnews24