২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোল্টও পারতেন না পাতোকে থামাতে

চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে খেলার ২৪ সেকেন্ডে এসি মিলানের আলেসান্দ্রে পাতোর গোলটি দেখে চোখ কপালে উঠে গেছে পেপ গার্দিওলার। তার ধারণা, ১০০ মিটার দৌড়ে বিশ্ব রেকর্ডের অধিকারী উসাইন বোল্টও পাতোকে থামাতে পারতেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2011, 02:12 PM

Updated : 24 Aug 2022, 03:58 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে খেলার ২৪ সেকেন্ডে এসি মিলানের আলেসান্দ্রে পাতোর গোলটি দেখে চোখ কপালে উঠে গেছে পেপ গার্দিওলার। তার ধারণা, ১০০ মিটার দৌড়ে বিশ্ব রেকর্ডের অধিকারী উসাইন বোল্টও পাতোকে থামাতে পারতেন না। কানায়-কানায় ভরা ন্যু ক্যাম্পের দর্শক ও স্বাগতিকদের রক্ষণভাগের খেলোয়াড়দের বিস্মিত করে ব্রাজিলের আক্রমণভাগের ২২ বছর বয়সী এই খেলোয়াড় চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে পঞ্চম দ্রুততম গোল করেন। ইউরোপের সেরা ক্লাবগুলোকে নিয়ে এই প্রতিযোগিতা চালু করা হয় ১৯৯২ সালে। খেলা শেষে সংবাদ সম্মেলনে জয় হাতছাড়া হলেও প্রতিপক্ষকে অভিনন্দন জানাতে ভোলেননি গার্দিওলা। সেই সঙ্গে বলেন, "পাতোকে অভিনন্দন জানতেই হবে। আমাদের কিছু বুঝে ওঠার আগেই তিনি গোল করে বসেন। এমন কি, উসাইন বোল্টও তার (পাতোকে) সঙ্গে পেরে উঠতো না।" "তবে বেশ কিছু বিষয় আমাদের বিপক্ষে গেছে," যোগ করেন তিনি। 'এইচ' গ্র"পের উদ্বোধনী খেলায় শুরুতে পিছিয়ে পড়লেও পেদ্রো আর দাভিদ ভিয়ার গোলে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। কিন্তু একেবারে শেষ মুহূর্তে থিয়াগো সিলভা সমতা ফিরিয়ে আনেন খেলায়। ফলে খেলা অমীমাংসিতভাবে শেষ হয় ২-২ গোলে। চ্যাম্পিয়ন্স লিগে দ্রুততম গোলের রেকর্ড নেদারল্যান্ডসের আক্রমণভাগের সাবেক খেলোয়াড় রয় ম্যাকের। ২০০৭ সালে বায়ার্ন মিউনিখের হয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে তিনি গোল করেন মাত্র ১০ সেকেন্ডে। গার্দিওলা জানান, কয়েকটি ক্ষেত্রে তার এবং তার দলের আরো উন্নতি করা দরকার। তবে দলের খেলোয়াড়দের ওপর তার পুরো আস্থা আছে। মৌসুমের শুরুতে সেস ফ্যাব্রেগাস ও চিলির আক্রমণভাগের খেলোয়াড় অ্যালেক্সিস সানচেজ যোগ দেয়ায় বার্সেলোনা নিঃসন্দেহে অনেক শক্তিশালী হয়ে উঠেছে। তাই বার্সা ও স্পেনের মাঝমাঠের সাবেক খেলোয়াড় গার্দিওলা জোর দিয়ে বলতে পারছেন, "আপনারা ভালো করেই জানেন যে এই খেলোয়াড়দের সম্পর্কে আমি সন্দেহ পোষণ করতে পারি না। কেননা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে কেউই তাদের ধারে-কাছে আসতে পারবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/টিআর/২০০২ ঘ.