ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামাতা সার্জিও অ্যাগুয়েরো অবশেষে তার খেলার জায়গাটা খুঁজে পেয়েছেন বলে মনে করছেন দিয়েগো মারাদোনা।
উইগ্যান অ্যাথলেটিকের বিপক্ষে শনিবার হ্যাট্রিক করেন অ্যাগুয়েরো। এতে চার খেলায় তার গোল সংখ্যা দাঁড়ালো ৬-এ। ইতালির আতলেটিকো মাদ্রিদ ছেড়ে এই মৌসুমে ৪৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে ইংল্যান্ডের দল ম্যানচেস্টার সিটিতে যোগ দেন তিনি।
দুবাইতে এক সংবাদ সম্মেলনে মারাদোনা বলেন, "এমন একটি দলেই অ্যাগুয়েরোর খেলা উচিত ছিল। এখন সে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে। বড় বড় প্রতিযোগিতাগুলোতে খেলার সুযোগ পাবে সে।"
"অ্যাগুয়েরো এমন একটি দলে (ম্যান সিটি) খেলছে, যারা সব সময় জেতার জন্য লড়াই করে। সে এমন একটা জায়গায় খেলছে যা তার প্রাপ্য," যোগ করেন মারাদোনা।
এই মৌসুমে দারুণ খেলছে নতুন করে ঢেলে সাজানো ম্যান সিটি। লিগে টানা চার খেলায় জয় পেয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বিশ্বের সবচেয়ে ধনী এই ক্লাবটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৭৪৫ ঘ.
bdnews24