ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিজের উপর বিরক্ত হয়ে আবারো মেজাজ হারিয়ে ফেললেন সেরেনা উইলিয়ামস। ফলে যা হওয়ার তাই হলো। হার মানতে হলো তাকে অস্ট্রেলিয়ার সামান্তা স্টোসুরের কাছে। সেই সঙ্গে প্রথমবারের মতো গ্র্যান্ড স্লামের শিরোপা মাথায় পরলেন তিনি।
নিজের উপর বিরক্ত হতেই পারেন সেরেনা। কোর্টে কোনো কিছুই তার পক্ষে যাচ্ছিল না। পক্ষান্তরে দুর্দান্ত খেলেন স্টোসুর। সেরেনাকে স্রেফ উড়িয়ে দেন ৬-২ ও ৬-৩ গেমে।
এর আগে ফ্রেঞ্চ ওপেন জিতে চীনের না লি ও উইম্বলডন জিতে চেক প্রজাতন্ত্রের পেত্রা কভিতোভা প্রথমবারের মতো গ্র্যান্ড স্লাম জেতেন।
নিজের দর্শকদের সামনে ইউএস ওপেনে শুরুটা কিন্তু স্বপ্নের মতো হয়েছিল উইলিয়ামস পরিবারের ছোট মেয়ের। ফিরে পেয়েছিলেন আগের সেই ছন্দ। ফাইনালে উঠতে কঠিন কোনো পরীক্ষা দিতে হয়নি মেয়েদের এককের সাবেক শীর্ষ খেলোয়াড়কে। তবে চূড়ান্ত পরীক্ষায় আর পেরে উঠলেন না।
রোববার রাতে সেরেনার স্ট্রোকগুলো বারবার লক্ষচুত্য হচ্ছিল। সেই তুলনায় স্টোসুর বরং অনেক ভালো খেলছিলেন। ফলে সময়ের সঙ্গে সঙ্গে হতাশ হয়ে পড়ছিলেন সেরেনা।
দ্বিতীয় সেটের শুরুতে একটি 'ব্রেক পয়েন্টের' সময় সেরেনার শক্তিশালী ফোরহ্যান্ড ফিরিয়ে দেন স্টোসুর। এ সময় মেজাজ আর ধরে রাখতে পারেননি সেরেনা। কড়া কড়া কথা শুনিয়ে দেন চেয়ার আম্পায়ারকে। শাস্তি স্বরূপ ওই পয়েন্টটি স্টোসুরকে দিয়ে দেন আম্পায়ার।
বছর দুই আগে একই ঘটনা ঘটিয়ে জরিমানার গুনতে হয়েছিল সেরেনাকে।
খেলা শেষে সংবাদ সম্মেলনে ১৩টি গ্র্যান্ড স্লাম জয়ী সেরেনা হতাশার সঙ্গে বলেন, "আমি তখন কি বলেছি তা মনে করতে পারছি না।"
আর আনন্দে কথাই বলতে পারছিলেন না স্টোসুর। তিনি বলেন, "শিরোপা জেতার কথা আমি বিশ্বাসই করতে পারছি।" একে তিনি একটি চমৎকার অনুভূতি বলে অভিহিত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১২৩০ ঘ.
bdnews24