ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন নোভাক জকোভিচ ও রাফায়েল নাদাল। জকোভিচ প্রথম সেমিফাইনালে রজার ফেদেরারকে ও রাদাল দ্বিতীয় সেমিফাইনালে অ্যান্ডি মারেকে হারান।
ফেদেরারের বিপক্ষে বিপক্ষে জিততে রীতিমত ঘাম ঝরাতে হয়েছে শীর্ষ বাছাই জকোভিচের। ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়ায় তিনি বলেন, "এক পর্যায়ে ভেবেছিলাম হারতে যাচ্ছি, এটা না বললে মিথ্যে বলা হবে।"
আর্থার অ্যাশ স্টেডিয়ামে সমর্থকরা যখন ফেদেরারের আরেকটি জয় দেখার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে তখনই নিজের সেরটা খেলাটা খেলেন জকোভিচ। একবার নয় দুবার ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে পা রাখেন ফাইনালে।
এ বছর নিজের রেকর্ডকে আরেকটু উজ্জ্বল করে নিলেন জকোভিচ। ৬৫ খেলার মধ্যে হেরেছেন দুটিতে আর জিতেছেন ৬৩টিতে। শেষ খেলায় ফেদেরারকে হারান ৬-৭, ৪-৬, ৬-৩ ও ৭-৫ গেমে।
প্রথম দুই সেট জিতেও শেষ পর্যন্ত সেমিফাইনাল থেকে বিদায় নিতে হওয়ায় হতাশ ফেদেরার। গত উইম্বল্ডনের আগ পর্যন্ত প্রথম দুই সেট জেতা ফেদেরারের ম্যাচ জয়ের রেকর্ড ছিল ১৭৮-০। কিন্তু সেবারই কোয়ার্টার ফাইনালে বিদায় নেয়ার তিন মাসের মধ্যে এই অভিজ্ঞতা আবারো হল তার।
মাত্র একটা শটের কারণে শেষ পর্যন্ত পারলেন না ফেদেরার। এ ব্যাপারে জকোভিচ বলেন, "কী করে ফোরহ্যান্ড রিটার্ন হল তা আমি আপনাদের ব্যাখ্যা করে বোঝাতে পারবো না। আমি নিজেও জানি না কী করে তা হল। আমি ঠিক বলের উপরেই ছিলাম এবং যত জোরে সম্ভাব মারতে চেয়েছিলাম। সম্ভবত আমার ভাগ্য ছিল।"
দ্বিতীয় সেমিফাইনালে মারের বিপক্ষে ৬-৪, ৬-২, ৩-৬ ও ৬-২ গেমে জয় তুলে নেন নাদাল। ফাইনালের প্রতিপক্ষ জকোভিচের সঙ্গে এ বছর পেরে উঠছেন না তিনি। রেকর্ড দেখলে তার নিজেরই মন খারাপ হয়ে যায়। হেরেছেন ৫ খেলার সবকটিতে।
নাদাল বলেন, "ফাইনালে জকোভিচ নিসন্দেহে ফেভারিট। পরিস্থিতি পাল্টাতে আমাকে অন্য ম্যাচের চেয়ে অনেক ভালো খেলতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮৫৩ ঘ.
bdnews24