ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কবে হবে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) ক্লাব কাপ ফুটবল প্রতিযোগিতা? খোদ সাফ সভাপতি কাজী সালাউদ্দিনই এই ব্যাপারে কিছু বলতে পারছেন না। অপেক্ষায় আছেন পরবর্তী সভার। সেখানেই নাকি ঠিক হবে সব কিছু।
সেপ্টেম্বরের মাঝামাঝিতে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই প্রতিযোগিতা। কিন্তু নির্ধারিত সময়ে তা আয়োজন করা সম্ভব হচ্ছে না, সেটা এখন নিশ্চিত করেই বলা যায়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (সাফ) এবং সাফ সভাপতি কাজী সালাউদ্দিন শনিবার সাংবাদিকদের বলেন, "পরবর্তী সভার আগ পর্যন্ত বলা যাচ্ছে না কবে মাঠে গড়াবে এই প্রতিযোগিতা। এখন আমরা পরবর্তী সভায় বসার অপেক্ষায় আছি। সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা করেই দিনক্ষণ ঠিক করা হবে।"
বাংলাদেশ ও ভারতের দু'টি করে এবং অন্য দেশগুলোর একটি করে ক্লাব এই প্রতিযোগিতায় অংশ নেবে বলে সিদ্ধান্ত হয়েছিল। মানে সাফের আটটি সদস্য দেশের দশটি ক্লাব খেলবে বলে এর আগের সভায় ঠিক হয়েছিল।
এখন সমস্যা হচ্ছে, ইতোমধ্যে ভারতের ক্লাবগুলো ঘরোয়া প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে পড়েছে। তাছাড়া ভূটান ও আফগানিস্তানে নিয়মিত লিগ হয় না। এই সব বিষয়ও সাফের জন্য ভাবনার কারণ হতে পারে।
সাফ সভাপতি এই সম্পর্কে বলেন, "আমি আসলে এই সম্পর্কে খুব একটা অবগত নই। যদি তাই হয় তবে পরবর্তী সভায় আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করবো।"
এদিকে সাফ চ্যাম্পিয়নশিপ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হচ্ছে। ১ থেকে ১৫ ডিসেম্বর ভারতে হবে এই প্রতিযোগিতা। তবে ভেন্যু এখনও ঠিক হয়নি।
সালাউদ্দিন বলেন, "দিল্লি অথবা উড়িষ্যায় হতে পারে সাফের পরবর্তী আসর। যদিও উড়িষ্যায় কিছুটা বিদ্যুৎ সমস্যা রয়েছে। তারপরও আমরা আলোচনা করেই ঠিক করবো, কোথায় আয়োজন করা যায় সাফের পরবর্তী আসর।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/১৯২৫ ঘ.
bdnews24