ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউএস ওপেনের সেমিফাইনালে স্পেনের রাফায়েল নাদালের মুখোমুখি হচ্ছেন ও যুক্তরাজ্যের অ্যান্ডি মারে।
তাদের খেলাটি শুক্রবারে হওয়ার কথা থাকলেও সেটা হচ্ছে শনিবার। কারণ বৃষ্টির করণে দুই দিন নষ্ট হওয়ায় প্রতিযোগিতার পূর্ব-নির্ধারিত সময়-সূচিতে কিছুটা পরিবর্তন আনতে হয়েছে।
শুক্রবার কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় বাছাই নাদাল ৬-২, ৬-১ ও ৬-৩ গেমে উড়িয়ে দেন যুক্তরাষ্ট্রের অ্যান্ডি রডিককে।
বহুদিন এমন সতেজ মনে হয়নি সাবেক শীর্ষ খেলোয়াড় নাদালকে। ২১তম বাছাই রডিক এদিন মাত্র ৫৩ মিনিট টিকে থাকতে পেরেছিলেন তার সামনে।
খেলা শেষে নাদাল বলেন, "আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। তবে এত দ্রুত খেলা শেষ হবে সেটা আমিও ভাবতে পারিনি। আমার লক্ষ্য ছিলো ম্যাচটি জিততেই হবে।"
অন্য কোয়ার্টার ফাইনালে কষ্ট করেই জিততে হয়েছে চতুর্থ বাছাই মারেকে। যুক্তরাষ্ট্রের জন আইনারের বিপক্ষে প্রথম দুইটি সেট জিতলেও তৃতীয় সেট জিতে অঘটনের আভাস দিয়েছিলেন আইনার। তবে শেষ পর্যন্ত পেরে ওঠেননি। চতুর্থ সেট টাইব্রেকারে জিতে নেন মারে। ফলে ৭-৫, ৬-৪, ৩-৬ ও ৭-৬ (৫) গেমে ম্যাচ হেরে যান আইনার। সেই সঙ্গে ঘরের মাঠে নিজেদের ছেলের ফাইনাল খেলা দেখা থেকে বঞ্চিত করেন দর্শকদের।
শনিবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবেন র্যাঙ্কিং সেরা খেলোয়াড় সার্বিয়ার নোভাক জকোভিচ ও তৃতীয় বাছাই সুইজারল্যান্ডের রজার ফেদেরার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮৩৯ ঘ.
bdnews24