মাহমুদুল হাসান
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ফুটবল লিগ এই বছর আর হচ্ছে না। পরের বছর ২০১২ সালে মাঠে গড়াবে, তবে শুরুর দিনক্ষণ এখনো ঠিক হয়নি।
বাংলাদেশ লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডিসেম্বরে সাফ ফুটবল, জানুয়ারিতে সাউথ এশিয়ান গেমস এবং তার আগে জাতীয় দলের প্রস্তুতি। সব মিলিয়ে আগামী কয় মাস জাতীয় দলকে ব্যস্ত থাকতে হবে। তাই এই বছর বাংলাদেশ লিগ আয়োজন করা সম্ভব না।"
"আগামী এক সপ্তাহের মধ্যে এই বিষয়ে একটি জরুরি সভায় বসবো আমরা। তখনই সিদ্ধান্ত নেওয়া হবে কবে শুরু হবে বাংলাদেশে লিগের পঞ্চম আসর, " বি -লিগ কমিটির চেয়ারম্যান।
সালাম মুর্শেদী বলেন, "এই বিষয়ে আমরা ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসবো। তাদের সঙ্গে আলোচনা করে পাতানো খেলা রোধে একটা শক্তিশালী 'বাইলজ' গঠন করবো। সেই সঙ্গে পুরো মৌসুমের খেলার সূচিও ঠিক করা হবে।"
এদিকে বাংলাদেশ লিগের দলবদল পিছিয়ে গেছে। ১-৩০ সেপ্টেম্বর এই দলবদল হওয়ার কথা ছিল। আর্জেন্টিনা- নাইজেরিয়া ম্যাচ আয়োজনের কারণে বি -লিগ কমিটি দল দলবদল পিছিয়ে দেয়।
বাংলাদেশ লিগের নতুন দল বদলের তারিখ ঠিক হয়েছে ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর। দুই মাসের এই দলবদলে স্থানীয় খেলোয়াড়রা অংশ নেবেন। আর বিদেশি খেলোয়াড়দের দলবদল হবে ১ অক্টোবর থেকে ১৫ নভেম্বর।
বাংলাদেশ লিগের মূল স্তর এই বছর মাঠে নামাতে না পারলেও, লিগের দ্বিতীয় স্তর আয়োজনের পরিকল্পনা রয়েছে বি-লিগ কমিটির। দলবদলের তারিখও ঘোষণা করেছে তারা। ১-১৫ অক্টোবর হবে বাংলাদেশ লিগের দ্বিতীয় স্তরের দলবদল।
দলবদলের দুই সপ্তাহ পর বাংলাদেশ লিগের দ্বিতীয় স্তর শুরু করার সিদ্ধান্ত রয়েছে বাফুফের। সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ১ নভেম্বর। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির সভায় এই বিষয়ে অনুমোদন নেয়া হবে।
এই বিষয়ে সালাম মুর্শেদী বলেন, "আমাদের যে করেই হোক খেলা মাঠে রাখতে হবে। তাই এই উদ্যোগ।"
এই লিগের ভেন্যুর ক্ষেত্রেও নতুন করে ভাবা হচ্ছে। বি -লিগ কমিটির চেয়ারম্যান বলেন, "ফুটবলকে ছড়িয়ে দিতে ঢাকার বাইরে কয়েকটি ভেন্যু রাখার পরিকল্পনা রয়েছে আমাদের। তা হতে পারে নারায়ণগঞ্জ, চট্টগ্রাম কক্সবাজার ও সিলেট।"
"মূল স্তরের মতো দ্বিতীয় স্তরের খেলার ভেন্যু হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতে হবে না। প্রতিটি ভেন্যুতে ১০-১৫দিন করে খেলা হবে, " বলেন সালাম।
বাংলাদেশ লিগের দ্বিতীয় স্তর এবারই প্রথম আয়োজন হচ্ছে। গত কয়েকবছর হবে হবে করেও হচ্ছিল না এই লিগ। দেরিতে হলেও শেষ পর্যন্ত মাঠে আলোর মুখ দেখতে যাচ্ছে এই লিগ। বাফুফের সারা বছর খেলা মাঠে রাখার উদ্যোগের একটি অংশ এটি।
বিডিনিউজ নিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এমআই/১৪৪০ ঘ.
bdnews24