ঢাকা, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার ফুটবল মাঠে ইদানিং দর্শক আর আগের মতো হয় না। মেয়েরা তো বলতে গেলে আসেনই না। তবে আর্জেন্টিনা-নাইজেরিয়া প্রীতি খেলা দেখতে এসেছেন বহু মেয়ে দর্শক। বলতে গেলে অর্ধেকই তারা।
কিন্তু হঠাৎ করে কেন এলেন তারা? এই প্রশ্নের জবাবে তমা ইশরাত নামের একটি মেয়ে জানান, খেলার চেয়ে কাছ থেকে খুব ভালোভাবে লিওনেল মেসিকে দেখতে চান তিনি।
ঢাকায় মাঠে এসে খেলা দেখা সাধারণত হয় না বলে উল্লেখ করে তিনি বলেন, "তবে টেলিভিশনে নিয়মিত খেলা দেখি।"
কোনো রাখ ঢাক না করে তিনি স্বীকার করেন, বাংলাদেশের ফুটবল সম্পর্কে তার কোনো ধারণা নেই। তবে ক্রিকেট সম্পর্কে ভালোই ধারণা আছে বলে তিনি দাবি করেন।
একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্রী তমা এসেছেন তার বাবা আহসান হাবীব লাভলুর সঙ্গে। সঙ্গে তার ছোট ভাইও রয়েছে।
তার আশপাশে দাঁড়ানো সব মেয়ের উদ্দেশ্য আসলে ওই একটাই-মেসিকে দেখা। তমার মতো একই সুরে কথা বললেন তারাও।
'অতীতে উঁচু মানের ফুটবল খেলা হতো'
তমা জানান, "আগে নাকি বাংলাদেশে খুবই উঁচু মানের ফুটবল খেলা হতো। কিন্তু এখন আর হয় না। মোহামেডান-আবাহনী খেলা দেখার জন্য 'বাবারা' নাকি সব কাজ ফেলে রেখে স্টেডিয়ামে বসে থাকতেন।"
মেসিদের এই খেলার মধ্য দিয়ে বাংলাদেশের ফুটবলে আবার নয়া জাগরণ শুরু হবে বলে তিনি আশা করছেন।
আশা ও শঙ্কা
তার বাবা আহসান প্রশ্ন রাখেন, "নাইজেরিয়া কেন, বাংলাদেশের সঙ্গে আর্জেন্টিনার খেলা আয়োজন করা হলো না কেন?" তিনি আর্জেন্টিনার মতো বিশ্বের নামকরা দলের সঙ্গে বাংলাদেশের খেলা দেখতে চান।
আশপাশের দর্শকরা তার সঙ্গে একমত হলেও আর্জেন্টিনার মতো দলের প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে দেখতে চান না তারা। আশা ও শঙ্কা, দু'টোই কাজ করছে তাদের মনে। "না খেলাই ভালো। খেললে বেশ কয়েকটি গোল খেতে হতো। এতে শেষ পর্যন্ত আমরাই লজ্জা পেতাম," যুক্তি দেখান তারা।
খেলা শুরু হবে সন্ধ্যা ৭টায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন খেলাটি সরাসরি স¤প্রচার করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/এসএনএল/১৭৫০ ঘ.
bdnews24