২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোয়ার্টার ফাইনালে সেরেনা ও ওজনিয়াকি

ইউএস ওপেন টেনিসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস ও ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2011, 10:58 AM

Updated : 24 Aug 2022, 03:54 PM

ঢাকা, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউএস ওপেন টেনিসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস ও ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি। প্রায় এক বছর পর টেনিস কোর্টে ফিরে নিজের অপ্রতিরোধ্য রূপ ফিরে পেতে শুরু করেছেন মেয়েদের টেনিসের সাবেক বিশ্ব সেরা সেরেনা। চতুর্থ পর্বের খেলায় সোমবার তিনি ৬-৩ ও ৬-৪ গেমে উড়িয়ে দেন আরেক সাবেক শীর্ষ খেলোয়াড় সার্বিয়ার আনা ইভানোভিচকে। আর বর্তমান শীর্ষ খেলোয়াড় ওজনিয়াকি ৬-৭, ৭-৫ ও ৬-১ গেমে হারান পঞ্চদশ বাছাই রাশিয়ার সভেতলানা কুজনেতসোভাকে। তবে কুজনেতসোভা না পারলেও তার স্বদেশী আনাস্তাসিয়া পাভলুচেনকোভা ঠিকই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন। তিনি সপ্তম বাছাই ইতালির ফ্রান্সেসকা শিয়াভোনেকে ৫-৭, ৬-৩ ও ৬-৪ গেমে হারান। কোয়ার্টার ফাইনালে সেরেনার মুখোমুখি হবেন পাভলুচেনকোভা। আর ওজনিয়াকি খেলবেন দশম বাছাই আন্দ্রে পেতকোভিচের সঙ্গে। এদিকে ছেলেদের এককে কোয়ার্টার ফাইনালে উঠেছেন নোভাক জকোভিচ, রজার ফেদেরার, জো-উইলফ্রেড সোঙ্গা ও জাঙ্কো টিপসারেভিচ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিএ/১৬৫৩ ঘ.