২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'কলকাতার চেয়ে ঢাকায় উচ্ছ্বাস বেশি'

ঢাকার উচ্ছ্বাস দেখে অভিভূত আর্জেন্টিনার এক সাংবাদিক। তিনি বলেন, কলকাতার চেয়ে ঢাকার লোকজনের উচ্ছ্বাস অনেক বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2011, 08:05 AM

Updated : 24 Aug 2022, 03:54 PM

ঢাকা, সেপ্টেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার উচ্ছ্বাস দেখে অভিভূত আর্জেন্টিনার এক সাংবাদিক। তিনি বলেন, কলকাতার চেয়ে ঢাকার লোকজনের উচ্ছ্বাস অনেক বেশি। আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিক ড্যানিয়েল জানান, ভারত ও বাংলাদেশ সফরে দলকে নেতৃত্ব দিতে পেরে লিওনেল মেসিও খুব খুশি। ড্যানিয়েল কোলকাতায় ভেনিজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার খেলার সংবাদ সংগ্রহের পর ঢাকা এসেছেন। এখানে তিনি সংগ্রহ করবেন নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা দলের খেলার খবর। খেলা হবে মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। কোলকাতায় ২ সেপ্টেম্বর আর্জেন্টিনা ১-০ গোলে হারায় ভেনিজুয়েলাকে। জনপ্রিয়তায় তেভেজের পেছনে মেসি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) টানা দু'বারের বিশ্বসেরা ফুটবলার মেসি ইউরোপসহ সারাবিশ্বে দারুণ জনপ্রিয়। নিজের মাতৃভূমিতে তিনি কতটা জনপ্রিয়? এই প্রশ্নের উত্তরে ড্যানিয়েল বলেন, "আর্জেন্টিনাতেও মেসির জনপ্রিয়তা অনেক। কারণ বিশ্বের সেরা খেলোয়াড় তিনি, প্রচুর গোলও করেন। তবে মেসির চেয়ে কার্লোস তেভেজের জনপ্রিয়তা একটু বেশিই। কেননা তেভেজ ছেলে বেলায় খেলেন বোকা জুনিয়র্সে। আর মেসি পাড়ি জমান স্পেনে।" নিন্দুকেরা বলেন, মেসি যতটা বার্সেলোনার; ততটা আর্জেন্টিনার নন। তবে ড্যানিয়েল এ ধরনের কথা উড়িয়ে দিয়ে বলেন, "যারা এ কথা বলেন তারা আসলে ঈর্ষাপরায়ণ। মেসি বার্সেলোনার জন্য যেমন নিজেকে উজাড় করে দেন, তেমনি নিজেকে বিলিয়ে দেন জাতীয় দলের হয়ে খেলার সময়ও।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/টিআর/১৩৪৬ ঘ.