ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আর কিছু সময় পরই ঢাকায় পা রাখছেন লিওনেল মেসি। ফুটবল জাদুকরের নেতৃত্বে আর্জেন্টিনা মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলবে নাইজেরিয়ায় সঙ্গে।
বাফুফে কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে ১০টায় আর্জেন্টিনা দল শাহজালাল বিমানবন্দরে নামবে। মেসিরা উঠবেন হোটেল রূপসী বাংলায়। বিকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামেই অনুশীলন করবেন তারা।
নাইজেরিয়া ফুটবল দল ঢাকায় আসবে সকাল ১১টা ২০ মিনিটে। তারা উঠবেন ওয়েস্টিন হোটেলে।
ভেনেজুয়েলার সঙ্গে প্রদর্শনী ম্যাচে অংশ নিতে কলকাতায় গিয়েছিলো আর্জেন্টিনা দল। সেখান থেকেই আসছে তারা।
আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ আয়োজক কমিটির প্রধান বাংলাদেশ ফুটবল ফেডারশেনের (বাফুফে) কর্মকর্তা আনোয়ারুল হক হেলাল সোববার সাংবাদিকদের বলেন, "বিমান বাংলাদেশ যোগে সকাল সাড়ে ১০টায় কলকাতা থেকে ঢাকায় পৌঁছবে আর্জেন্টিনা। আর একটি চাটার্ড বিমানে নাইজেরিয়া দল আসবে সকাল ১১টা ২০ মিনিটে।"
বিমানবন্দরে আর্জেন্টিনা দলকে অভ্যর্থনা জানাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ও বর্তমান ৪০ জন খেলোয়াড়। বর্তমান জাতীয় দলের ২০ জন, সাবেক ১৬ জন ও অনূর্ধ্ব-১৯ দলের ৪ জন খেলোয়াড় পর্যায়ক্রমে বিমান বন্দরে মেসিদের স্বাগত জানাবেন।
বিমান বন্দরে দুই দলের খেলোয়াড়দের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হবে। আর হোটেলে জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড়রা ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানাবেন আগত খেলোয়াড়দের।
বিমানবন্দর থেকে আর্জেন্টিনা দল হোটেল রূপসী বাংলা এবং নাইজেরিয়া দল ওয়েস্টিন হোটেলে যাবে। আর্জেন্টিনা দল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় অনুশীলন করবে। তবে নাইজেরিয়া দল কখন করবে তা জানাতে পারেনি বাফুফে।
মেসিদের অনুশীলন দেখার সুযোগ থাকছে। ১ হাজার টাকা গ্যালারি ও ২ হাজার টাকায় ভিআইপি গ্যালারির টিকিটে কিনে দর্শকরা উপভোগ করতে পারবেন এই আনুশীলন শিবির।
বাফুফের সহ-সভাপতি বাদল রায় জানান, বিকেল ৩টায় গ্যালারির গেট খোলা হবে এবং সন্ধ্যা ৬টায় বন্ধ হয়ে যাবে।
যদিও ৩ সেপ্টেম্বর ঢাকায় আসার কথা ছিল আর্জেন্টিনা দলের। পরে যানজটের কারণে অনুশীলন মাঠ ফতুল্লার খান সাহেব এম ওসমান আলী স্টেডিয়ামে যেতে দেরি হবে বিধায় দুইদিন পিছিয়ে যায় আর্জেন্টিনা দলের ঢাকায় আসার দিনক্ষণ।
মঙ্গলবার আর্জেন্টিনা-নাইজেরিয়া দল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে। সন্ধ্যা ৬টায় শুরু হবে খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন খেলাটি সরাসরি স¤প্রচার করবে।
বর্তমান বিশ্বে অন্যতম সেরা খেলোয়াড় মেসির নেতৃত্বে আর্জেন্টিনা দলকে ঢাকায় আনতে পেরে রীতিমতো উচ্ছ্বসিত বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তিনি মনে করেন এর মধ্য দিয়ে এ ধরনের আরো খেলা আয়োজনের পথ খুলে গেলো।
মেসির ছোঁয়ায় বাংলাদেশের ফুটবল আবার ঘুরে দাঁড়াবে এমন প্রত্যাশাও করছেন বাফুফে কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এমআই/০৯৫০ ঘ.
bdnews24