ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ কোরিয়ার দেইগুতে অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপে মেয়েদের ১০০ মিটার হার্ডলসে সোনা জিতেছেন অস্ট্রেলিয়ার স্যালি পিয়ারসন। ১২ দশমিক ২৮ মিনিট সময় নিয়ে গড়েন নতুন চ্যাম্পিয়নশিপ রেকর্ড।
এবারের আসরে তিনিই প্রথম দেশকে সোনা এনে দেন।
যুক্তরাষ্ট্রের ড্যানিয়েলা কারুথেরস আর তার স্বদেশী ডন হার্পার দুজনেই সময় নেন ১২ দশমিক সেকেন্ড। ফটোফিনিশে রূপা জেতেন ড্যানিয়েলা।
ছেলেদের ১৫ শ' মিটার দৌড়
ছেলেদের ১৫শ মিটার দৌড়েও জয়জয়কার কেনিয়ানদের। সোনা জিতেছেন অলিম্পিক শিরোপাধারী কেনিয়ার আসবেল কিপরক। তিনি সময় নেন ৩ মিনিট ৩৫ দশমিক ৬৯ সেকেন্ড।
প্রতিযোগিতায় এটা কেনিয়ার ষষ্ঠ স্বর্ণপদক। কিপরকের স্বদেশী সাইলাস কিপলাগাট ৩ মিনিট ৩৫ দশমিক ৯২ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন। ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের ম্যাথু সেন্ট্রোভিচ। তিনি সময় নেন ৩ মিনিট ৩৬ দশমিক ০৮ সেকেন্ড।
মেয়েদের হাইজাম্প
রাশিয়ার আনা চিচেরোভা দুই দশমিক ০৩ মিটার লাফিয়ে জিতে নিয়েছেন মেয়েদের হাইজাম্পের সোনা।
ক্রোয়েশিয়ার ব্লাংকা ভাসিক একই উচ্চতায় লাফালেও তাকে রূপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। কারণ এই উচ্চতা পার করতে চিচেরোভার চেয়ে একবার বেশি লাফিয়েছিলেন তিনি। ঠিক দুই মিটার লাফিয়ে ব্রোঞ্জ জিতেছেন ইটালির অ্যান্তনিত্তা দি মারতিনো।
মেয়েদের ৪*৪০০ মিটার
মেয়েদের ৪*৪০০ মিটার রিলেতে সোনা জিতেছে যুক্তরাষ্ট্র। শুরু থেকেই জ্যামাইকার চেয়ে এগিয়ে থেকে দৌড় শেষ করেন যুক্তরাষ্ট্রের মেয়েরা। সময় নেন, তিন মিনিট ১৮ দশমিক ১১ সেকেন্ড।
যুক্তরাষ্ট্রের হয়ে দৌড়ান সানিয়া রিচার্ডস-রস, অ্যালিসন ফেলিক্স, জেসিকা বিয়ার্ড ও ফ্রান্সেনা ম্যাকোররি।
জ্যামাইকার মেয়েরা তিন মিনিট ১৮ দশমিক ৭১ সেকেন্ড সময় নিয়ে রুপা জেতেন। জ্যামাইকার পেছনে থেকে ব্রোঞ্জ পায় রাশিয়া।
ছেলেদের বর্শা নিক্ষেপ
ছেলেদের বর্শা নিক্ষেপে (জ্যাভলিন থ্রো) সোনা জিতেছেন জার্মানির ম্যাথিয়াস ডি সোরডো। তিনি ছুড়েছেন ৮৬ দশমিক ২৭ মিটার দূরত্বে।
নরওয়ের আন্দ্রেয়াস থরকিল্ডসেন ৮৪ দশমিক ৭৮ মিটার বর্শা ছুড়েন রুপা জেতেন। কিউবার গুইলেরমো মার্তিনেস ৮৪ দশমিক ৩০ মিটার ছুড়ে জেতেন ব্রোঞ্জ।
ছেলেদের ৫০ মিটার হাঁটা
ছেলেদের ৫০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন রাশিয়ার সার্গেই বাকুলিন। কষ্টকর এই ইভেন্টটি শেষ করতে তিনি সময় নেন তিন ঘন্টা ৪১ মিনিট ২৪ সেকেন্ড।
বাকুলিনের স্বদেশী বিশ্বরেকর্ডধারী ডেনিস নিঝেগোরোদভ তিন ঘন্টা ৪২ মিনিট ৪৫ সেকন্ড সময় নিয়ে দ্বিতীয় হন। অস্ট্রেলিয়ার জারড ট্যালেন্ট জিতেছেন ব্রোঞ্জ। তিনি সময় নিয়েছেন তিন ঘন্টা ৪৩ মিনিট ৩৬ সেকেন্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/এসএনএল/২১১৮ ঘ.
bdnews24