২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতার খেলা সন্ধ্যা সাড়ে সাতটায়

শূন্যে শরীর ভাসিয়ে দিয়ে তিনটি হাফ ভলি নিখুঁত নিশানায় পাঠিয়ে অনুশীলনেই কলকাতাবাসীকে মাত করলেন লিওনেল মেসি, যাকে এখনকার তো বটেই সর্বকালের সেরা ফুটবলারও ভাবেন- এমন মানুষের সংখ্যা কম নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2011, 04:48 AM

Updated : 24 Aug 2022, 03:52 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শূন্যে শরীর ভাসিয়ে দিয়ে তিনটি হাফ ভলি নিখুঁত নিশানায় পাঠিয়ে অনুশীলনেই কলকাতাবাসীকে মাত করলেন লিওনেল মেসি, যাকে এখনকার তো বটেই সর্বকালের সেরা ফুটবলারও ভাবেন- এমন মানুষের সংখ্যা কম নয়। শুক্রবার সন্ধ্যায় যুবভারতী স্টেডিয়ামে মেসির নেতৃত্বে খেলতে নামছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ ভেনেজুয়েলার সঙ্গে কী জাদু নিয়ে মেসি মাঠে নামেন, তাই দেখার অপেক্ষায় ক্ষণ গুণছে কলকাতাবাসী। কলকাতা থেকে ঢাকা মাতাতেও আসছেন বার্সেলোনার এই তারকা। ফ্লাড-লাইটের আলোয় খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। স¤প্রচার করবে ইএসপিএন। বার্সেলোনার জার্সি গায়ে মেসি যতটা সপ্রতিভ, ঠিক ততটা নয় জাতীয় দলের আকাশী-সাদা জার্সিতে। তবে তাতেও কলকাতায় 'মেসি উৎসবে' বিন্দুমাত্র ভাটা নেই। কলকাতার বাংলা পত্রিকাগুলোর খবর- মেসিকে এক নজর দেখতে হোটেলের বাইরে, যুবভারতীর অনুশীলনে হাজার হাজার মানুষ। তবে কড়া নিরাপত্তার কারণে আর্জেন্টিনার অধিনায়কের ধারে-কাছে কেউ ঘেঁষতে পারেনি। ফুটবল নিয়ে কোনো কথা বলছেন না মেসি। তাই বলে হাল ছেড়ে দেওয়ার বান্দা নন সাংবাদিকরা। কলকাতা কেমন লাগছে- এই প্রশ্ন করে মেসির মুখ খোলালেন তারা। মাতৃভাষা স্পেনিশে মেসি যা বললেন, তা বাংলা করলে দাঁড়ায়- "কলকাতান আমার ভালো লেগেছে। আনন্দ পাচ্ছি। এখানে যে আমার এত ভক্ত, তা জানতাম না।" মেসির আগে পেলে, মারাদোনা, জিকোকেও নিজেদের শহরে দেখেছে কলকাতাবাসী। তবে তারা যখন এসেছিলেন, ততদিনে খেলোয়াড়ি জীবন পার করে দিয়েছিলেন তারা। মেসির সঙ্গে তাদের আসার পার্থক্য হলো- আর্জেন্টাইন এ ক্ষুদে জাদুকর এসেছেন ক্যারিয়ারের মধ্যগগনে। তাই মাতামাতি অনেকটাই বেশি। প্রীতি ম্যাচ হলেও আর্জেন্টিনার জন্য এ খেলাটি গুরুত্বপূর্ণ এই জন্য যে এর আন্তর্জাতিক স্বীকৃতি রয়েছে। ফলে ফিফা র‌্যাংকিংয়ে ওঠা-নামার নির্ভর করবে ভেনেজুয়েলার সঙ্গে এ খেলার ওপর। আর ভেনেজুয়েলা ফুটবল অঙ্গনে বনেদি দল না হলে এবার কোপা আমেরিকায় সেমিাফাইনাল পর্যন্ত লড়েছে হুগো শাভেজের দেশ। যে পর্যন্ত আর্জেন্টিনা ও ব্রাজিল কেউই যেতে পারেনি। ফলে খেলা উপভোগ্য হবে বলেই ধারণা করা হচ্ছে। ওপার বাংলার পর এপার অর্থাৎ বাংলাদেশও জয় করতে আসছে মেসি। তবে বাংলাদেশিদের জন্য একটি দুঃসংবাদ হলো প্রদর্শনী ম্যাচ খেললেও মেসিদের অনুশীলন দেখতে পাবে না তারা। কথা ছিলো ৩ সেপ্টেম্বর আসবে আর্জেন্টিনা দল। পরিবর্তিত সময় অনুযায়ী, তারা আসবে এর পর অর্থাৎ ৪ অথবা ৫ সেপ্টেম্বর। ৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামে নাইজেরিয়ার সঙ্গে খেলবে তারা। তাদের প্রতিপক্ষ নাইজেরিয়া আসছে ৪ সেপ্টেম্বর। ইতিহাস এবং নামকরা ও দক্ষ খেলোয়াড়রা দলে থাকায় ভেনেজুয়েলার চেয়ে আর্জেন্টিনা যে অনেকখানি এগিয়ে আছে, তা বলার অপেক্ষা রাখে না। আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে দু'বার। আর ভেনেজুয়েলা এখনো বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ করে নিতে পারেনি। ১৯৬৭ সালের পর দল দু'টো মুখোমুখি হয়েছে ১৭ বার। আর্জেন্টিনা জিতেছে প্রত্যেকবার। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) র‌্যাঙ্কিংয়েও বিস্তর পার্থক্য দল দু'টোর মধ্যে। আর্জেন্টিনা আছে নবম স্থানে। ৪৪ নম্বরে আছে ভেনেজুয়েলা। তবে এবারের কোপা আমেরিকাকে বিবেচনায় নিলে এগিয়ে রাখতে হবে ভেনেজুয়েলাকেই। কোয়ার্টার ফাইনালেই আর্জেন্টিনাকে বিদায় নিতে হয় প্রতিযোগিতা থেকে। ভেনেজুয়েলা দখল করে চতুর্থ স্থান। এ কথা মনে রাখছেন আর্জেন্টিনার রক্ষণভাগের খেলোয়াড় পাবলো জাবালেতা। তাই স্বীকার করতেও দ্বিধা করলেন না সামনে অপেক্ষা করছে কঠিন লড়াই, "ভেনেজুয়েলা খুবই ভালো দল। তাই তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হতে যাচ্ছে এটি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/টিআর/১৬২০ ঘ.