২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লা লিগা'র পথে সেরি আ

স্পেনের লা লিগা'র ফুটবলারদের অনুসরণ করে ধর্মঘটে যাওয়ার হুমকি দিয়েছেন সেরি আ'র খেলোয়াড়রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2011, 11:06 AM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের লা লিগা'র ফুটবলারদের অনুসরণ করে ধর্মঘটে যাওয়ার হুমকি দিয়েছেন সেরি আ'র খেলোয়াড়রা। ইতালির খেলোয়াড়দের সমিতি (এআইসি) সতর্ক করে দিয়ে বলেছে, চলতি সপ্তাহের লিগ ম্যাচের আগে যৌথ চুক্তি সই করা না হলে তারা স্পেনের খেলোয়াড়দের পথ অনুসরণ করবে। গত সপ্তাহে খেলোয়াড় ও লিগ কর্তৃপক্ষ বেতনের নিশ্চয়তা নিয়ে সমঝোতায় পৌঁছতে না পারায় লা লিগার খেলা এক সপ্তাহ পিছিয়ে দেয়া হয়। ঠিক ওই পথেই যাচ্ছেন সেরি আ'র খেলোয়াড়রাও। সোমবার লিগে খেলা ২০ দলের প্রতিনিধিদের বৈঠক শেষে বলা হয়, খেলোয়াড়রা আগে নতুন চুক্তি দেখতে চান। এআইসি সভাপতি ডেমিয়ানো তমাসি বলেন, "নতুন চক্তি সই করা হলেই কেবল আমরা শনি ও রোববার খেলতে নামবো। অন্যথায়, ঘরেই বসে থাকবো। বুধবারের মধ্যে আমরা চুক্তি সই দেখতে চাই।" সেরি আ'য় খেলা শুরু হলেও এখনো খেলোয়াড়দের সঙ্গে কোনো চুক্তি করা হয়নি। এ ব্যাপারে গত বছর একটি সমঝোতা হলেও তা বাস্তবায়নে কোনো উদ্যোগ না নেয়ায় হতাশ এআইসি। এর আগে দু'বার ধর্মঘট ডেকেও শেষ মুহূর্তে তারা তা প্রত্যাহার করে নেয়। ২০০৯-১০ মৌসুমে পুরনো চুক্তি বাতিলের পরপর নতুন চুক্তির দাবি তোলেন ফুটবলাররা। দলগুলো পুরনো চুক্তিতে সই করার জন্য খেলোয়াড়দের ওপর চাপ সৃষ্টি করায় এআইসি সবচেয়ে বেশি ক্ষুব্ধ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৬৫৬ ঘ.