ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্জেন্টিনা-নাইজেরিয়া প্রদর্শনী খেলাকে সামনে রেখে ঢাকার মাঠ দেখে সন্তোষ প্রকাশ করেছে আর্জেন্টিনার অগ্রবর্তী প্রতিনিধি দল।
রোববার সকালে ঢাকায় নেমে দুপুরে খেলার মাঠ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এবং বিকেলে অনুশীলন মাঠ নারায়ণগঞ্জের ফতুল্লা খান সাহেব এম ওসমান আলী স্টেডিয়াম পরিদর্শন করেন প্রতিনিধি দলের তিন সদস্য। দলের নেতৃত্ব দেন আর্জেন্টিনা দলের সহকারী কোচ জুলিয়ান ক্যামিনো।
মাঠ পরিদর্শন শেষে ক্যামিনো বলেন, "বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠ বেশ ভালো। তবে ড্রেসিং রুমে কিছুটা সমস্যা রয়েছে।" এ প্রসঙ্গে তিনি গোসল করার জন্য ঝর্ণার সংখ্যা আরো বাড়ানোর কথা বলেন। এ ব্যাপারে তারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তাদের পরামর্শও দেন।
স্টেডিয়ামের ড্রেসিং রুমের বাথরুমে এখন মাত্র দু'টি ঝর্ণা রয়েছে। সেখানে এখন সংস্কার কাজ চলছে।
ফতুল্লা স্টেডিয়াম নিয়েও অসন্তুষ্ট নন প্রতিনিধি দলের সদস্যরা। শুধু যোগাযোগ ব্যবস্থা নিয়ে কিছুটা হতাশ তারা। যানজটের কারণে ঢাকা থেকে ফতুল্লা যেতে তাদের দু'ঘণ্টা লেগেছে। এই হতাশার কথা তারা জানিয়েও দেন বাফুফে কর্মকর্তাদের।
তবে বাফুফে কর্মকর্তারা তাদের আশ্বস্ত করতে সক্ষম হয়েছেন। তারা প্রতিনিধি দলকে জানান, ঈদের সময় ঢাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে। তখন এতোটা যানজট থাকবে না। প্রতিনিধি দল বাফুফে কর্মকর্তাদের কথায় সন্তুষ্ট হয়েছে।
দলের সদস্যরা সোমবার সকালে ঢাকা ছেড়ে যাবেন। ২৪ ঘন্টার সফরে কলকতা থেকে রোববার সকালে ঢাকায় আসেন তারা।
৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও নাইজেরিয়া। খেলা শুরু হওয়ার কথা সন্ধ্যা ৬ টায়। তবে এক ঘণ্টা পেছানো হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২০৫৭ ঘ.
bdnews24