২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ব্রাজিলের

অস্কারের হ্যাট্রিকে পতুর্গালকে ৩-২ গোলে হারিয়ে অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের শিরোপা জিতে নিয়েছে ব্রাজিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2011, 08:51 AM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্কারের হ্যাট্রিকে পতুর্গালকে ৩-২ গোলে হারিয়ে অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের শিরোপা জিতে নিয়েছে ব্রাজিল। ১৯৯১ সালের ফাইনালে এই পর্তুগালের কাছেই হার মেনে ছিল তারা। এবার নিয়ে পঞ্চমবারের মতো শিরোপা জিতলো ব্রাজিল। সবচেয়ে বেশি ছয়বার জিতেছে আর্জেন্টিনা। তৃতীয় স্থান নির্ধারণী খেলায় ফ্রান্সকে ৩-১ গোলে হারায় মেক্সিকো। সমুদ্র-পৃষ্ঠ থেকে দুই হাজার ছয় শ' মিটার উঁচুতে কলম্বিয়ার বোগোটায় চূড়ান্ত লড়াইয়ে নামে ব্রাজিল ও পতুর্গাল। একদিকে ব্রাজিলের দুর্দান্ত আক্রমণভাগ, পুরো প্রতিযোগিতায় যাদের মোট গোল ১৫টি। অপরদিকে, পতুর্গালের নির্ভরযোগ্য রক্ষণভাগ, যারা ফাইনালের আগে একটি গোলও হজম করেনি। ফুটবলপ্রেমীরা তাই লাতিন আক্রমণের সঙ্গে ইউরোপের রক্ষণাত্মক ফুটবলের এক জমজমাট প্রদর্শনী দেখার অপেক্ষায় ছিলেন। খেলার পাঁচ মিনিটে পতুর্গালের রক্ষণভাগ ভেঙে ফেলে সাম্বা নৃত্যের দেশটি। ফ্রি-কিক থেকে অস্কার গোল করেন ব্রাজিলের পক্ষে। ৪ মিনিট পরে হেনরিকের গোলে সমতায় ফেরে পতুর্গাল। খেলার প্রাধান্য ধরে রাখতে দ্বিতীয়ার্ধে দুই খেলোয়াড় বদল করে ব্রাজিল। হিতে হয় বিপরীত, ঘড়ির কাঁটা ঘন্টা ছুঁতেই পিছিয়ে পড়ে তারা। নেলসন অলিভেইরার দুর্বল শট হেসে-খেলে যেখানে ধরে ফেলার কথা গ্যাব্রিয়েলের, সেখানে শুয়ে পড়ে ধরতে গিয়ে বলের লাইন'ই বুঝতে পারলেন না ব্রাজিল। পরিণামে ব্রাজিল ২-১ গোলে পিছিয়ে পড়লো। ঘর সামলে শিরোপা জয়ের কৌশল এঁটেছিল পর্তুগাল। ৭৮ মিনিটে ফাঁক বের করলেন ওই অস্কারই। তার গোল খেলাকে অতিরিক্ত সময়ে টেনে নিয়ে যায়। ক্ষুরধার ব্রাজিল টাইব্রেকার নামের জুয়ায় খেলাকে টেনে নিয়ে যেতে চাইছিল না। ১২০ মিনিটের মধ্যে ফলাফল আদায় করে নেয়ার তাগিদে আক্রমণের পর আক্রমণ চালিয়ে যাচ্ছিল। এতে পর্যুদস্ত হয়ে পড়ে প্রতিপক্ষ। ১১১ মিনিটে আসে সেই কাক্সিক্ষত মুহূর্ত। ডান প্রান্ত দিয়ে ঢুকে হালকা 'চিপে' পতুর্গালের জালে বল জড়িয়ে নিজের হ্যাট্রিক, দলের জয় আর শিরোপা নিশ্চিত করেন অস্কার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/টিআর/১৫৪০ ঘ.