২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সেমিফাইনালে মেক্সিকো, পর্তুগাল

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সেমিফাইনালে পা রেখেছে মেক্সিকো ও পর্তুগাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2011, 11:39 AM

Updated : 24 Aug 2022, 03:45 PM

ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সেমিফাইনালে পা রেখেছে মেক্সিকো ও পর্তুগাল। শেষ আটের লড়াইয়ে মেক্সিকো স্বাগতিক কলম্বিয়াকে ৩-১ ও পর্তুগাল ছয় বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে টাইব্রেকারে (৫-৪) হারিয়েছে। এ বছর তৃতীয় গুরুত্বপূর্ণ শিরোপা জয়ের সামনে দাঁড়িয়ে আছে মেক্সিকো। মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে আঞ্চলিক শিরোপা জেতার পাশাপাশি চলতি বছর অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে তারা। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ স্পেন অথবা ব্রাজিল। এডিসন রিভেরার জোড়া গোলে সহজ জয় পেয়েছে মেক্সিকো। ৬৯ মিনিটের মাথায় দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন তিনি। দলের পক্ষে ৮৮ মিনিটের মাথায় তৃতীয় গোলটি করেন তিনি। এর আগে ৩৮ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে মেক্সিকোকে এগিয়ে নেন এরিক টরেস। দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটের মাথায় খেলায় সমতা ফেরায় কলম্বিয়া। দলের পক্ষে গোল করেন ডোভান জাপাটা। তার দূর পাল্লার শট মেক্সিকোর গোলরক্ষক জোসে রডরিগুয়েজের দু পায়ের ফাঁক দিয়ে জালে জড়ায়। মেক্সিকোর এ জয়ে হৃদয় ভেঙেছে বোগোটার ৪২ হাজার দর্শকের। প্রথম চার খেলায় জিতে স্বাগতিক দর্শকদের স্বপ্ন দেখিয়েছিল কলম্বিয়া। বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়েছিল মেক্সিকো। সিনিয়রদের মতো ব্যর্থ হল আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দল। কোপা আমেরিকায় টাইব্রেকারের বৈতরণী পার হতে না পেরে বিদায় নেয় দলটি। পর্তুগালের কাছে টাইব্রেকারে হেরে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ থেকেও ছিটকে যেতে হয়েছে তাদের। ১২০ মিনিট খেলা গোল শূন্য ড্র থাকার পর পর্তুগালকে জয় এনে দেন গোলরক্ষক মিকা। ৫-৪ ব্যবধানে জেতা ম্যাচে নায়কও তিনিই। আর্জেন্টিনার নিকোলাস টাগলিয়াফিকোর শট আটকে দলকে এ জয় এনে দেন তিনি। এর আগে এক পর্যায়ে ৩-১ ব্যবধানে টাইব্রেকারে এগিয়ে ছিল আর্জেন্টিনা। কিন্তু তাদের শেষ দুটি শট আটকে দিয়ে দলকে দলকে লড়াইয়ে রাখেন মিকা। পরে আর্জেন্টিনা ও পর্তুগাল একটি করে গোল করে ম্যাচ আরো জমিয়ে তুলে। শেষ পর্যন্ত টাগলিয়াফিকোকে হতাশা উপহার দিয়ে দলকে শেষ চারে নিয়ে যান মিকা। ১৯৮৯ ও ১৯৯১ সালে শিরোপা জেতার পর এবার নিজেদের তৃতীয় শিরোপার সামনে দাঁড়িয়ে আছে দলটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৭৩৯ ঘ.