ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনুর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলে বুধবার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল, স্পেন, নাইজেরিয়া ও ফ্রান্স।
আর্জেন্টিনা, মেক্সিকো, পর্তুগাল ও স্বাগতিক কলম্বিয়া আগেই শেষ আটে পৌঁছে গেছে।
কোয়ার্টার ফাইনালে ওঠার পথে ব্রাজিল ৩-০ গোলে সৌদি আরবকে, নাইজেরিয়া ১-০ গোলে ইংল্যান্ডকে, ফ্রান্স একই ব্যবধানে ইকুয়েডরকে হারিয়েছে। স্পেন ও দক্ষিণ কোরিয়ার খেলাটি নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোল শূন্য থাকলে খেলা গড়ায় টাইব্রেকারে। পরে টাইব্রেকারে স্পেন ৭-৬ গোলে জেতে।
দ্বিতীয় পর্বের খেলায় চারবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে প্রথমার্ধে ভালোভাবেই আটকে রাখতে সক্ষম হয়েছিলো সৌদি আরব। তবে দ্বিতীয়ার্ধে আর পেরে ওঠেনি তারা। খেলার ৪৬ মিনিটে গোল করে ব্রাজিলকে এগিয়ে নেন আক্রমণভাগের খেলোয়াড় হেনরিক। সিলভা ৬৯ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন। ৮৬ মিনিটে গোল করে সৌদি আরবের কফিনে শেষ পেরেকটি ঠোকেন বদলি খেলোয়াড় ডুডু।
কোয়ার্টার ফাইনালে স্পেনের মুখোমুখি হবে ব্রাজিল। ব্রাজিল কোচ এন ফ্রাঙ্কো বলেন, "এখন আমরা স্পেনকে নিয়ে ভাবছি। এটা দারুণ একটি ম্যাচ হতে যাচ্ছে। প্রতিযোগিতার সেরা দুইটি দল পরস্পরের মুখোমুখি হচ্ছে।"
যদিও দ্বিতীয় পর্বেই ১৯৯৯ সালের চ্যাম্পিয়ন স্পেনের যাত্রা প্রায় শেষ হয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত ভাগ্যের জোরে উতরে যায় দলটি। আর দুর্ভাগ্য বলতে হবে দ.কোরিয়ার। কিম কিয়াং-ঝাং পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ না হলে হয়তো তারাই শেষ আটে থাকাতো। ম্যাচে দাপট ছিলো স্পেনেরই। তবে সেই দাপট দক্ষিণ কোরিয়ার রক্ষণভাগে চিড় ধরাতে পরেনি। তাই গোলের দেখাও পায়নি স্পেন।
এদিকে ইংল্যান্ডকে বিদায় করে দেয় নাইজেরিয়া। এবারে আসরে একেবারেই অনুজ্জ্বল ছিলেন ইংল্যান্ডের তরুণ ফুটবলাররা। চার ম্যাচ খেলে প্রতিপক্ষের জালে একবারও বল জড়াতে সক্ষম হয়নি তারা। যদিও বিভিন্ন কারণে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা এই আসরে খেলতে সক্ষম হননি। বলতে গেলে দ্বিতীয় সারির দল নিয়ে অনুর্ধ্ব-২০ বিশ্বকাপ খেলতে আসে ইংল্যান্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৭০৮ ঘ.
bdnews24