২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ আটে কলম্বিয়া, আর্জেন্টিনা, মেক্সিকো ও পর্তুগাল

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলে মঙ্গলবার ছিল লাতিন আমেরিকার দিন। কলম্বিয়া, আর্জেন্টিনা ও মেক্সিকো উঠেছে কোয়ার্টার ফাইনালে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2011, 09:14 AM

Updated : 24 Aug 2022, 03:44 PM

ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলে মঙ্গলবার ছিল লাতিন আমেরিকার দিন। কলম্বিয়া, আর্জেন্টিনা ও মেক্সিকো উঠেছে কোয়ার্টার ফাইনালে। তবে লাতিন আমেরিকার এই দিনটিতে ভাগ বসিয়েছে ইউরোপের দেশ পর্তুগাল। তারাও জায়গা করে নিয়েছে শেষ আটের লড়াইয়ে। স্বাগতিক কলম্বিয়া দ্বিতীয়ার্ধে ২-১ এ পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত কোস্টারিকাকে হারায় ৩-২ গোলে। ৯০ মিনিট পর্যন্ত খেলা ছিল ২-২ গোলে অমীমাংসিত। কিন্তু অতিরিক্ত সময়ে (৯০ ) কলম্বিয়ার কপাল খুলে যায়। পেনাল্টি পেয়ে যায়। গোল করতে কোনো অসুবিধা হয়নি জেমস রড্রিগুয়েজের। খেলার ৫৬ মিনিটে কলম্বিয়াকে এগিয়ে নেন লুই মুরিয়েল। কোস্টারিকার জন রুইজ খেলায় সমতা ফেরান ৬৩ মিনিটে। দুই মিনিট পর এগিয়ে যায় মাইনর ইস্কোর গোলে। তখন মনে হচ্ছিল বিদায় নিতে যাচ্ছে কলম্বিয়া। কিন্তু ৭৯ মিনিটে পেদ্রো ফ্রাঙ্কো খেলায় ফিরিয়ে আনেন কলম্বিয়াকে। আর শেষ পর্যন্ত জয়ের মুখ দেখান রড্রিগুয়েজ। দিনের অন্য খেলায় ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২-১ এ হারিয়েছে মিসরকে, এরিক লামেলার জোড়া গোলে। লামেলা গোল দু'টি করেন খেলার ৪২ ও ৬৪ মিনিটে। তবে জমে ওঠে মেক্সিকো ও ক্যামেরুনের খেলা। দর্শকরা উপভোগ করেন আক্রমণ ও পাল্টা-আক্রমণ এবং বল আদান-প্রদান যে কতটা সুন্দর হয়ে উঠতে পারে তার একটি চমৎকার উদাহরণ। ফলে যা হওয়ার তাই হয়েছে। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও খেলা থাকে ১-১ গোলে অমীমাংসিত। হার-জিত নির্ধারণের জন্য আশ্রয় নিতে হয় টাইব্রেকারের। আর এতে চরম ব্যর্থ হয় আফ্রিকার দেশটি। প্রথম তিনটি শট থেকে গোল আদায় করে নেয় মেক্সিকো। আর ক্যামেরুন একটিও গোল করতে পারেনি। নির্ধারিত সময়ের ৭৯ মিনিটে ক্যামেরুনকে এগিয়ে নেন ফ্রাঙ্ক ওহন্দজা। আর মেক্সিকোকে খেলায় ফিরিয়ে আনেন কার্লোস ওরান্তিয়া, ঠিক দুই মিনিট পর; খেলার ৮১ মিনিটে। দিনের চতুর্থ খেলায় গুয়াতেমালার সঙ্গে রীতিমতো ঘাম ঝরিয়ে জিততে হয়েছে পর্তুগালকে। খেলার ৭ মিনিটে জয়সূচক গোলটি দেন নেলসন অলিভিয়েরা। পর্তুগাল কোচ ইলিদিও ভালে তার খেলোয়াড়দের খেলায় খুব একটা সন্তুষ্ট নন। স্বীকার করেন, "আর্জেন্টিনার সঙ্গে জিততে হলে খেলোয়াড়দের আরো ভালো খেলতে হবে।" আরেক কোয়ার্টার ফাইনালে কলম্বিয়া খেলবে মেক্সিকোর সঙ্গে। শেষ আটের বাকি চারটি দল নির্ধারিত হবে বুধবার (বাংলাদেশ সময় গভীর রাতে)। নাইজেরিয়া মুখোমুখি হবে ইংল্যান্ডের, স্পেন খেলবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে, ব্রাজিল লড়াইয়ে নামবে সৌদি আরবের ও ফ্রান্স মোকাবিলা করবে ইকুয়েডরকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসএনএল/১৪৫৫ ঘ.