ঢাকা, অগাস্ট ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে রোববার কমিউনিটি শিল্ড কাপের ফাইনাল দিয়ে ম্যানচেষ্টার সিটিতে অভিষেক হতে পারে তাদের নতুন 'সেনসেশন' সার্জিও অ্যাগুয়েরোর।
দিয়েগো মারাদোনার জামাতা হিসেবে অধিক পরিচিত অ্যাগুয়েরো বেশ কিছুদিন ধরেই শ্বশুরের নাম সরিয়ে নিজের আলোয় উদ্ভাসিত হয়ে উঠছেন। আতলেটিকো মাদ্রিদের হয়ে স্পেনের মাঠ কাঁপিয়েছেন শেষ মৌসুমে। তার প্রতিভার ঝলক ২০১১ কোপা আমেরিকাতেও দেখা গেছে। শেষ পর্যন্ত ৩৮ মিলিয়ন ইউরোতে ম্যান সিটিতে যোগ দিয়ে বুঝিয়েছেন তার বাজার মূল্য কতটা চড়া।
ধরা হয়েছিল আয়ারল্যান্ডের 'ডাবলিন সুপার কাপ' দিয়ে ম্যান সিটির হালকা নীল জার্সি গায়ে চড়াবেন অ্যাগুয়েরো। প্রাক মৌসুম প্রস্তুতিমূলক সে প্রতিযোগিতায় শেষ পর্যন্ত তাকে মাঠে নামাননি কোচ রবার্তো মানচিনি। শতভাগ 'ফিট' নন বলেই কোচ অ্যাগুয়েরোকে নিয়ে জুয়া খেলতে চাননি।
তবে মানচিনি ইঙ্গিত দিয়েছেন ম্যানসিটির বিপক্ষে কমিউনিটি শিল্ড কাপের ফাইনাল দেখা যেতে পারে অ্যাগুয়েরোকে। যদিও পায়ের চোট এখনো শুকায়নি। তাই পুরো ৯০ মিনিট না হলেও বদলি হিসেবে ডাগ-আউটে ঠিকই পায়চারী করবেন অ্যাগুয়েরো।
মানচিনি বলেন, "অ্যাগুয়েরো এখন ঠিক আছে। কিছু সমস্যা ছিল। কিন্তু গতকাল (বৃহস্পতিবার) সে ২০ মিনিটের মতো অনুশীলন করেছে। আজ (শুক্রবার) সে অনুশীলন করবে এবং তাকে বদলি হিসেবে মাঠে নামাতে পারি। আমার মনে হয় না সে শতভাগ ফিট তবে বদলি হেসেবে বেঞ্চে বসার মতো শারীরিক ক্ষমতা তার আছে।"
ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ী (ম্যান ইউ) ও এফএ কাপ বিজয়ীর (ম্যান সিটি) দুই দল কমিউনিটি শিল্ড কাপের ট্রফির জন্য মুখোমুখি হয়। আর এই খেলার মধ্য দিয়ে ইংল্যান্ড ফুটবলের নতুন মৌসুম শুরু হয়।
অ্যাগুয়েরোর নামলেও 'আলোচিত' কালোর্স তেভেজকে দুই ম্যানচেস্টারের লড়াইয়ে দেখা যাবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন মানচিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/২০৫১ ঘ.
bdnews24