ঢাকা, অগাস্ট ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুইজারল্যান্ডের নিয়নে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ পর্বের ড্র। আর্সেনালের ভাগ্যে পড়েছে ইতালির দল উদিনেস। আর ২০১০ চ্যাম্পিয়ন্স লিগ রানারআপ বায়ার্ন মিউনিখকে লড়তে হবে এফসি জুরিখের সঙ্গে।
ফ্রান্সের অলিম্পিক লিওর কপাল পুড়েছে। তাদের খেলতে হবে শক্ত প্রতিপক্ষ রাশিয়ার রুবিন কাজানের সঙ্গে।
প্লে-অফের প্রথম পর্ব খেলতে স্পেনের ভিলারিয়ালকে পাড়ি দিতে হবে ডেনমার্ক, যেখানে তাদের প্রতিপক্ষ প্রথমবারের মতো প্লে-অফে জায়গা নেয়া ওডেন্সে।
আর টোয়েন্টির আতিথেয়তা গ্রহণ করবে দুইবারের চ্যাম্পিয়ন বেনেফিকা।
প্রথম পর্বের খেলা হবে ১৬ অথবা ১৭ অগাস্ট। দ্বিতীয় পর্ব হবে ২৩/২৪ অগাস্ট।
প্লে-অফ থেকে ১০ টি দল মূল পর্বে খেলার জন্য আরো ২২ দলের সঙ্গে যোগ দেবে। মোট ৩২টি দলকে নিয়ে ২৫ মে অগাস্ট মোনাকোতে মূল পর্বের ড্র অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/১৮১৭ ঘ.
bdnews24