২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো একটি জয় বাকি আছে: মানিক

শেষ চারের লড়াইয়ে শেখ জামালকে ৪-২ গোলে হারিয়েও উচ্ছ্বাসে ভাসতে চাইলেন না মোহমেডান কোচ শফিউল ইসলাম মানিক। সুপার কাপের ফাইনাল জয়ের পরই আনন্দে হাত পা ছুঁড়বেন বলে জানালেন ম্যাচ শেষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2011, 04:06 PM

Updated : 24 Aug 2022, 03:41 PM

ঢাকা, অগাস্ট ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ চারের লড়াইয়ে শেখ জামালকে ৪-২ গোলে হারিয়েও উচ্ছ্বাসে ভাসতে চাইলেন না মোহমেডান কোচ শফিউল ইসলাম মানিক। সুপার কাপের ফাইনাল জয়ের পরই আনন্দে হাত পা ছুঁড়বেন বলে জানালেন ম্যাচ শেষে। আর জামাল কোচ পাকির আলীর মুখে তখন রাজ্যের অন্ধকার। 'ফেভারিট' হিসেবে নেমেও এতগুলো গোল হজম করে ফাইনালের আগে কোটি টাকার প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন এই বিশ্বাসটাই নাকি হচ্ছে না তার। খেলা শেষ হতে না হতেই মোহামেডান গ্যালারি সামনে তৈরি নিরাপত্তা বেষ্টনী টপকে কিছু সমর্থক মাঠে প্রবেশ করে। মোহামেডান খেলোয়াড়দের জড়িয়ে ধরে আনন্দে লাফাতে থাকে তারা। বোতলের পানি দিয়ে জলকেলিতে মেতে ওঠে সমর্থকরা। সেই পানির ছিঁটেফোটা এসে ভিজিয়ে দেয় মানিক ও দাঁড়িয়ে থাকা সাংবাদিকদের। চিৎকার করে মানিককে বলতে শোনা যায়, "থামো এখন। ফাইনালের জন্যে জমিয়ে রাখো বাকিটুকু।" কণ্ঠে সল্প ঝাঁঝ থাকলেও হাসিকে আড়াল করেননি তিনি। সাংবাদিকদের প্রশ্নের আগেই বলে ফেললেন, "প্রথম সাত মিনিট বাদে বাকি সময়টা আমাদের হাতেই ছিল। ছেলেরা দারুণ খেলেছে। এমন একটা দল নিয়ে ফাইনালে আসতে পেরে গর্ববোধ করছি। আপনারা দোয়া রাখবেন।" "ভালো খেললে জয় আসবেই," যোগ করেন মানিক। অন্যদিকে, পাকির আলী প্রচণ্ড হতাশ। বাংলাদেশে লিগে এই দল নিয়েই শিরোপা জিতেছিলেন। অথচ সুপার কাপে এসে ভিন্ন চিত্র। দূর্বল মোহামেডানের সামনে অসহায় আত্মসমর্পণ করে কোটি টাকা থেকে বঞ্চিত হলো তার দল। 'ফাইটিং স্পিরিট' এর অভাবকেই হারের পেছনে দায়ী করলেন তিনি। জামাল দলের ভেতর 'সমন্বয়হীনতা'র বিষয়টিও উড়িয়ে দিলেন পাকির। বেশিরভাগ খেলোয়াড় সামনের মৌসুমে অন্য দলের সঙ্গে এরই মধ্যে চুক্তি করেছেন। তাই 'নিজেদের সেরা দেয়ার তাগিদ অনুভব করেননি তারা' বলে গুঞ্জন উঠেছে। এ প্রসঙ্গে পাকির বললেন,"আমি মানতে রাজি না। মোহামেডান খুবই ভালো খেলেছে। তাই হেরেছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/২০০৬ ঘ.