২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটি টাকার হাতছানি মোহামেডানের সামনে

গ্রামীণফোন সুপার কাপের ফাইনালে উঠেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সানডে সিজোবার হ্যাট্রিকের সুবাদে প্রথম সেমিফাইনালে তারা ৪-২ গোলে হারায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2011, 10:30 AM

Updated : 24 Aug 2022, 03:41 PM

ঢাকা, অগাস্ট ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রামীণফোন সুপার কাপের ফাইনালে উঠেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সানডে সিজোবার হ্যাট্রিকের সুবাদে প্রথম সেমিফাইনালে তারা ৪-২ গোলে হারায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার ১৪ মিনিটে মোহামেডানের আক্রমণভাগের নাইজেরিয়ার খেলোয়াড় সানডে সিজোবা পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন। শেখ জামালের রক্ষণভাগের খেলোয়াড় নাসির পেনাল্টি বক্সের মধ্যে মোহামেডানের আক্রমণভাগের খেলোয়াড় তৌহিদকে অবৈধভাবে বাধা দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি আজাদ রহমান। অবশ্য দুই মিনিট আগের এগিয়ে যেতে পারতো মোহামেডান। ১১ মিনিটে সানডের দুর্দান্ত একটি শট ক্রসবারে লেগে ফিরে আসায় রক্ষাপায় শেখ জামাল। গোলরক্ষক আমিনুল ব্যর্থ হয়েছিলেন বলের লাইনে যেতে। ৩৪ মিনিটে আর পেনাল্টি নয়, দলকে চমৎকার একটি গোল উপহার দেন সানডে। দর্শকদেরও অনেকদিন মনে থাকবে গোলটির কথা। মাঝমাঠ থেকে বল ধরে কয়েকজন খেলোয়াড়কে কাটিয়ে প্রতিপক্ষের বিপদ সীমানায় একা পেয়ে যান তিনি শেখ জামালের আগুয়ান গোলরক্ষককে। তার মাথার উপর দিয়ে বল পাঠিয়ে দেন সানডে কাক্সিক্ষত ঠিকানায়। মোহামেডানের পক্ষে তৃতীয় গোলটি করেন ফ্রান্সিস, ৬৬ মিনিটে। মাঝমাঠ থেকে তৌহিদের বাড়ানো বল, আক্রমণভাগের এ আফ্রিকান খেলোয়াড় দুর্দান্ত একটি শটে পরাস্ত করেন শেখ জামাল গোলরক্ষক আমিনুল হককে। ফ্রান্সিসের এ শটটি এতোটাই দৃষ্টিনন্দন ছিল আমিনুল লাইনে যাওয়ার আগেই বল জালে জড়ায়। ৬৯ মিনিটে বাংলাদেশ লিগ চ্যাম্পিয়ন শেখ জামালের আক্রমণভাগের ক্যামেরুনের খেলোয়াড় লোগাবোগা এক গোল শোধ করেন। মাঝমাঠ থেকে ভলটি পেয়ে লোগাবোগা মোহামেডান রক্ষণভাগের খেলোয়াড় হাসান আল মামুনকে কাটিয়ে আড়াআড়ি শটে গোল করেন। পরের মিনিটে পেনাল্টি থেকে আরেকটি গোল শোধ করে শেখ জামাল ম্যাচে ফেরার আভাস দেয়। গোলটি করেন রক্ষণভাগের খেলোয়াড় সুজন। আব্দুল বাতেন কোমলের শট মোহামেডান রক্ষণভাগের বিদেশী খেলোয়াড় বাইবেকের হাতে লাগলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। এ গোলটি করে শেখ জামাল খেলায় সমতা ফেরাতে শত চেষ্টা করেও পারেনি। মোহামেডান খেলোয়াড়দের আক্রমণাত্মক ফুটবলের কাছে অসহায় আত্মসর্পণ করতে তাদের। এরই ধারাবাহিকতায় খেলার শেষ মুহূর্তে আরেকটি গোল হজম করতে হয় সদ্য বাংলাদেশ লিগ চ্যাম্পিয়ন দলটিকে। শেখ জামালের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন দিনের সেরা পারফরমার সানডে । দলের পক্ষে চতুর্থ গোল করে সানডে নিজের হ্যাট্রিকও পূর্ণ করেন। জটলার মধ্য থেকে হঠাৎ বল পেয়ে যান সিজোবা। তীব্র শট নেন তিনি। বল আশ্রয় নেয় জালে। ঢাকার ঐতিহ্যবাহী দলটি এখন কোটি টাকার স্বপ্ন দেখতেই পারে। সুপার কাপের এটি দ্বিতীয় আসর। প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় মোহামেডান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/এএনএম/টিআর/১৭৫৬ঘ.