ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্যাংক অব ওয়েস্ট ক্ল্যাসিকের ফাইনালে উঠেছেন মেয়েদের টেনিসের সাবেক শীর্ষ তারকা যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস।
ফাইনালে তিনি মুখোমুখি হবেন ফ্রান্সের ম্যারিয়োন বারতোলির।
শনিবারের সেমিফাইনালে জার্মানির সাবিনা লিসিস্কিকে ৬-১ ও ৬-২ গেমে উড়িয়ে দেন বর্তমানে র্যাঙ্কিংয়ে ১৬৯ নম্বরে থাকা সেরেনা।
এদিকে প্রতিযোগিতার তৃতীয় বাছাই বারতোলি না খেলেই ফাইনালে পৌঁছেছেন। কারণ সেমিফাইনালে তার প্রতিপক্ষ স্লোভাকিয়ার ডমিনিকা কিবুলকোভা চোটের কারণে খেলা থেকে নাম প্রত্যাহার করে নেন।
অসুস্থতার কারণে দীর্ঘ প্রায় একবছর কোর্টের বাইরে থাকা সেরেনা ধীরে ধীরে নিজের অপ্রতিরোধ্য রূপ ফিরে পেতে শুরু করেছেন। আরেক সাবেক শীর্ষ খেলোয়াড় রাশিয়ার মারিয়া শারাপোভাকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে আসেন উইলিয়ামস পরিবারের ছোট মেয়েটি।
খেলা শেষে সেরেনা বলেন, "আমি যেন আমার শৈশবে ফিরে গেছি। যখন আমি ছোট ছিলাম আমার লক্ষ্য ছিলো র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ জন খেলোয়াড়ের একজন হওয়া। তার পরের লক্ষ্য ছিলো 'ওয়াইল্ড কার্ড' ছাড়া 'গ্র্যান্ড স্লাম' প্রতিযোগিতায় অংশ নেয়। পুনরায় আমি আমার ওই লক্ষ্যগুলো পূরণ করতে চাই।"
২০১০ সালে উইম্বলডন শিরোপা জয়ের পর এই প্রথম কোনো প্রতিযোগিতার ফাইনাল খেলবেন সেরেনা। আর ২০০৯ সালে মিয়ামিতে ভিক্টোরিয়া অ্যাজারেঙ্কার কাছে শিরোপা হারানোর পর যুক্তরাষ্ট্রে মাটিতে প্রথম ফাইনাল খেলবেন তিনি।
এবারের উইম্বলডনে এই বারতোলির কাছে হেরেই চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছিলো সেরেনাকে।
তবে অতীত নিয়ে একদমই ভাবছেন না সেরেনা। তিনি বলেন, "সে হয়তো উজ্জীবিত তবে আমিও প্রস্তুত। এটা একদমই নতুন একটি ম্যাচ। তাছাড়া উইম্বলডনের তুলনায় এখানে আমি অনেক ভালো খেলছি। আমার অনেক উন্নতি হয়েছে। আমি আমার পারফমেন্স নিয়ে দারুণ খুশি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৬৪০ ঘ.
bdnews24