ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন সুপার কাপ ফুটবল প্রতিযোগিতার প্রথম পর্বে ছিল চরম দর্শক খরা। দর্শকদের এই নিরুৎসাহিতা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) খুবই হতাশ করেছে।
কোটি টাকার ফুটবলের এই প্রতিযোগিতার দর্শক খরা কাটাতে উদ্যোগী হয়ে ওঠে বাফুফে। তারা দারস্থ হয় পৃষ্ঠপোষকদের কাছে। বাফুফের ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসে ওয়ালটন গ্র"প। দুইটি সেমিফাইনাল ও ফাইনাল খেলায় দর্শকদের জন্য ফ্রিজ, মোটর সাইকেল, টেলিভিশন ও মুঠো ফোন সেট পুরস্কার হিসেবে দেবে তারা।
২ ও ৩ অগাস্ট দুইটি সেমিফাইনালে পুরস্কার হিসেবে একটি ফ্রিজ ও ৫ টি মোবাইল সেট দেয়া হবে।
আর ৬ অগাস্ট ফাইনালে একটি মোটর সাইকেল, একটি ২৬ ইঞ্চি এলসিডি টেলিভিশন ও একটি ১৪ ইঞ্চি টেলিভিশন পুরস্কার হিসেবে দেয়া হবে। লটারির মাধ্যমে দর্শকদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হবে।
সুপার কাপ আয়োজক কমিটির কো-চেয়াম্যান শওকত আলী খান জাহাঙ্গীর শনিবার বাফুফে ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। এ সময় ওয়ালটন কর্মকর্তা ইকবাল বিন আনোয়ার উপস্থিত ছিলেন।
এদিকে খেলার সময়সূচিতে পরিবর্তন হয়েছে। সেমিফাইনাল ও ফাইনাল খেলা বিকেল বিকেল সাড়ে ৩ টায় শুরু হবে। রমজানের কারণে এ পরিবর্তন আনা হয়েছে। এর আগে প্রথম পর্বে খেলা শুরু হতো বিকেল ৪ টায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২০৩৪ ঘ.
bdnews24