২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের নতুন কোচ ক্লিন্সম্যান

যুক্তরাষ্ট্রের নতুন কোচ হিসেবে শুক্রবার জার্মানির আক্রমণভাগের সাবেক খেলোয়াড় ইয়ুর্গেন ক্লিন্সম্যানের নাম ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2011, 01:32 PM

Updated : 24 Aug 2022, 03:40 PM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যুক্তরাষ্ট্রের নতুন কোচ হিসেবে শুক্রবার জার্মানির আক্রমণভাগের সাবেক খেলোয়াড় ইয়ুর্গেন ক্লিন্সম্যানের নাম ঘোষণা করা হয়েছে। বব ব্র্যাডলিকে বরখাস্ত করার পরের দিনই নতুন কোচ নিয়োগ দিলো যুক্তরাষ্ট্রের ফুটবল সংস্থা। ইউএসডটকমকে দেয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্র ফুটবল সংস্থার সভাপতি সুনীল গুলাটি বলেন, "জাতীয় দলের প্রধান কোচ হিসেবে ইয়ুর্গেনকে (ক্লিন্সম্যান) পেয়ে আমরা খুবই আনন্দিত।" "তিনি একজন দক্ষ খেলোয়াড় ও কোচ। তার অভিজ্ঞতা ও জ্ঞান আমাদের এগিয়ে নেবে," যোগ করেন গুলাটি। যুক্তরাষ্ট্রের দায়িত্ব নেয়ার পর ক্লিন্সম্যানের প্রথম প্রতিপক্ষ মেক্সিকো। প্রতিবেশি দেশটির সঙ্গে ১০ অগাস্ট মুখোমুখি হবে ক্লিন্সম্যানের দল। দায়িত্ব পাওয়ার পর উচ্ছ্বসিত ক্লিন্সম্যান সংবাদ মাধ্যমকে বলেন, "যুক্তরাষ্ট্রের প্রধান কোচ হতে পেরে আমি একই সঙ্গে গর্বিত ও সম্মানিত বোধ করছি।" প্রায় দুই বছর বিরতির পর ঘটা করে কোচিং জীবনে ফিরে আসলেন ৪৬ বছর বয়সী ক্লিন্সম্যান। ২০০৯ সালে জার্মানির ঘরোয়া দল বায়ার্ন মিউনিখের কোচের পদ থেকে সরে দাঁড়ান তিনি। বায়ার্নের আগে দুই বছরের জন্য জার্মানির জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন। তার অধীনে ২০০৬ বিশ্বকাপে তৃতীয় হয় জার্মানি। জার্মানির হয়ে ১০৮ ম্যাচ খেলে ৪৭ গোল আছে ক্লিন্সম্যানের। ১৯৮৮ ইউরো থেকে ১৯৯৮ বিশ্বকাপ পর্যন্ত জার্মানির হয়ে ছয়টি গুরুত্বপূর্ণ ফুটবল প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রতিটিতে গোল করার রেকর্ড আছে তার দখলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/১৯১৫ ঘ.