২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভালো খেলার পুরষ্কার পেয়েছি: ইলিয়েভস্কি

কোচ নিকোলা ইলিয়েভস্কির ভাষায় লেবাননের বিপক্ষে ২-০ গোলের জয় এসেছে ভালো খেলার পুরুষ্কার হিসেবে। অন্যদিকে খেলোয়াড়দের 'শিথিল' আচরণকে পরাজয়ের মূল কারণ বলে চিহ্নিত করেছেন লেবানন কোচ এমিলি রুস্তম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2011, 06:52 PM

Updated : 24 Aug 2022, 03:39 PM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোচ নিকোলা ইলিয়েভস্কির ভাষায় লেবাননের বিপক্ষে ২-০ গোলের জয় এসেছে ভালো খেলার পুরুষ্কার হিসেবে। অন্যদিকে খেলোয়াড়দের 'শিথিল' আচরণকে পরাজয়ের মূল কারণ বলে চিহ্নিত করেছেন লেবানন কোচ এমিলি রুস্তম। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ এলেন স্বভাবসুলভ 'গোমড়া' মুখে। প্রথম পর্বের ৪-০ গোলে হারের লজ্জাকে পাশ কাটিয়ে ফিরতি পর্বের জয়ও পারেনি মেসিডোনিয়ার এই কোচের মুখে হাসি ফোঁটাতে। ক্লান্ত ইলিয়েভস্কি তাড়াহুড়াতে মধ্যে যা বললেন তার সারমর্ম হলো - ভালো খেলেই জয় পেয়েছে বাংলাদেশ। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে রাজুর গোল 'মিস' না হলে বড় ব্যবধানেই জয় পাওয়া যেতো। হয়তো বিশ্বকাপের মূল পর্বে খেলার স্বপ্নটাও সত্যি হতো। সেজন্য বাংলাদেশকে জিততে হতো ৫-০ ব্যবধানে। ইলিয়েভস্কি বলেন, "আমি অনেক খুশি। দল ভালো খেলেছে। প্রথমার্ধে রাজুর গোলটা হলে আরেকটু বড় ব্যবধানে জিততাম। ছেলেরা নিজেদের সেরাটা ঢেলে দিয়েছে। বিশ্বকাপের মূল পর্বে যেতে পারলাম না। তবে 'দল' হয়ে খেলেছি - এটাই বড় পাওনা।" বুধবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে দলের পাঁচ খেলোয়াড়ের 'উদ্যম ও স্পৃহা' নিয়ে প্রশ্ন তুলেছিলেন ইলিয়েভস্কি । সেই খেলোয়াড়দের নিয়েই দুর্দান্ত জয়ের পর কি বলবেন ? এক সাংবাদিকের ছুড়ে দেয়া এ প্রশ্নে গম্ভির সুরে কোচ জানালেন এমন জয়ের পর আর দলের সমালোচনা করার আগ্রহবোধ করছেন না তিনি। লেবাননের কোচ এমিলি রুস্তম সংবাদ সম্মেলনের শুরুতেই বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানান। তবে ছেলেরা 'রিল্যাক্স' ছিল বলেই গোল দু'টো হজম করতে হয়েছে বলে মনে করেন তিনি। চারটি 'সহজ' সুযোগ হাতছাড়া হওয়ার আক্ষেপও ঝরেছে তার কন্ঠে। রুস্তম বলেন,"বাংলাদেশকে শুভেচ্ছা। আমি জানতাম তারা যথেষ্ট শক্তিশালী দল। আজ নিজেদের সেরাটা দেখালো । তবে আমাদের ছেলেরা চারটি 'ওয়ান-টু-ওয়ান' সুযোগ হাতছাড়া করেছে। সেগুলো কাজে লাগালে আমরাও জিততে পারতাম।" "পরিবেশটাও অনুকূলে ছিল না। ফুটবলটা এমনই। কে জিতে কে হারে বলা কঠিন। ভাগ্যের সহায়তা আজ আমরা পাইনি," যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/০০৪৭ ঘ.