২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননকে হারিয়েও বাংলাদেশের বিদায়

হারের জবাবে হার। ফিরতি খেলায় লেবাননকে হারিয়ে জবাবটা ভালোই দিয়েছে বাংলাদেশ। নিয়েছে প্রথম খেলায় হারের প্রতিশোধ। তবে এ খেলায় জয় পেলেও বিশ্বকাপ বাছাইয়ের পরের পর্বে যেতে পারেনি বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2011, 12:08 PM

Updated : 24 Aug 2022, 03:39 PM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হারের জবাবে হার। ফিরতি খেলায় লেবাননকে হারিয়ে জবাবটা ভালোই দিয়েছে বাংলাদেশ। নিয়েছে প্রথম খেলায় হারের প্রতিশোধ। তবে এ খেলায় জয় পেলেও বিশ্বকাপ বাছাইয়ের পরের পর্বে যেতে পারেনি বাংলাদেশ। বিশ্বকাপ প্রাক-বাছাই ফুটবলের এশিয়া অঞ্চলের দ্বিতীয় পর্বের ফিরতি খেলায় বাংলাদেশ ২-০ গোলে শক্তিশালী লেবাননকে হারিয়ে চমক দেখিয়েছে। বৃহস্পতিবার খেলাটি হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। লেবানন ফিরতি খেলায় হেরেও দুই ম্যাচ মিলে ৪-২ গোলে এগিয়ে থেকে তৃতীয় পর্বে খেলা নিশ্চিত করেছে। এর আগে প্রথম খেলায় লেবানন তাদের মাটিতে বাংলাদেশকে ৪-০ গোলে বিধ্বস্ত করে। এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন বাংলাদেশ দলের খেলোয়াড়রা। প্রথমার্ধে কোনো গোল না পেলেও প্রতিপক্ষের ওপর ভালোভাবেই চড়াও হয়েছিলেন তারা। মোটাদাগে দু'তিনটি সুযোগও তৈরি করতে পেরেছিলেন। এসময় মামুনুল ইসলাম ও মিথুন চৌধুরী সহজ দুটি সুযোগ নষ্ট করেন। দ্বিতীয়ার্ধেও উজ্জীবিত বাংলাদেশ। তাই অধরা গোলের দেখা পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৫২ মিনিটে মিথুন চৌধুরীর ওপর ভর করেই প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। মাঝমাঠের খেলোয়াড় মামুনুল ইসলামের বাড়ানো বল থেকে মিথুনের বক্সে ঢুকে করা জোরালো শট লেবানন গোলরক্ষক ইলিয়াস ফিরিয়ে দেন। ফিরতি বলে মিথুন আড়াআড়ি শটে গোল করে বাংলাদেশ শিবিরকে উল্লাসে মাতিয়ে তোলেন। খেলা শেষ হওয়ার তিন মিনিট বাকি থাকতে ব্যবধান দ্বিগুণ করেন জাহিদ হাসান এমিলি। ডান প্রান্ত থেকে আব্দুল বাতেন কোমলের ক্রসে অসাধারণ হেডে কাক্সিক্ষত ঠিকানায় বল পৌঁছে দেন এমিলি। তারা হেডে এতোটাই গতি ছিল যে লেবানন গোলরক্ষক বলের লাইনেই যেতে পারেননি। লেবানন যে সুযোগ পায়নি তা বলা যাবে না। তারা নিশ্চিত দুইটি সুযোগ ব্যর্থতায় রূপান্তরিত করেছে। প্রথমার্ধের অতিরিক্ত সময় এবং খেলার ৭৪ মিনিটে মোহাম্মদ আলী হাতছাড়া করেন দুটি সহজ সুযোগ। তাই হেরে মাঠ ছাড়তে হয় তাদের। এর আগে দেশের মাটিতে পাকিস্তানকে প্রথম খেলায় ৩-০ গোলে হারিয়ে এবং পাকিস্তানে ফিরতি খেলায় গোলশূন্য ড্র করে প্রাক-বাছাইয়ের দ্বিতীয় পর্বে ওঠে বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/পিডি/০০১৬ ঘ.