ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ পর্যন্ত আতলেটিকো মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন সার্জিও অ্যাগুয়েরো।
একই সঙ্গে থেমে গেল অ্যাগুয়েরোকে নিয়ে দীর্ঘ দিনের দল-বদলের গুঞ্জন। এতদিন ধরে সবাই বলাবলি করছিলেন, রিয়াল মাদ্রিদ কিংবা জুভেন্টাসে যোগ দিতে পারেন তিনি। কিন্তু অ্যাগুয়েরোর সই আদায়ের দৌড়ে মাঝ পথ থেকে বিদায় নিতে হলো দল দু'টিকে।
আর্জেন্টিনার আক্রমণভাগের এই খেলোয়াড় ম্যানচেস্টারে উড়ে আসেন বুধবার সকালে। কয়েক ঘণ্টা ধরে আলোচনার পর চুক্তিতে পৌঁছে উভয় পক্ষ।
কিছুক্ষণ পর টুইটার বার্তায় অ্যাগুয়েরো লেখেন, "আমি এখন ম্যান সিটির খেলোয়াড়। এই ক্লাব ও শহরে আসতে পেরে আমি খুশি। আমাকে শুভেচ্ছা ও অভ্যর্থনা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ।"
ধারণা করা হচ্ছে, পাঁচ বছর খেলবেন তিনি ম্যান সিটিতে। দিয়েগো মারাদোনার জামাতা অ্যাগুয়েরোর সাপ্তাহিক বেতন ধরা হয়েছে দুই লাখ পঁচিশ হাজার ইউরো। কিন্তু চুক্তি ও দল-বদলের বিস্তারিত বিষয় নিয়ে মুখ খোলেনি আতলেটিকো কিংবা ম্যান সিটি, কোনো দলই।
আতলেটিকোয় যোগ দেন অ্যাগুয়েরো ২০০৬ সালে। কয়েক মৌসুমের মধ্যে আক্রমণভাগের প্রতিভাবান খেলোয়াড়দের একজন হিসেবে নিজেকে মেলে ধরেন তিনি।
অ্যাগুয়েরোর হাত ধরেই ২০০৯-১০ মৌসুমে ইউরোপা লিগ জয় করে আতলেটিকো। ২০১০ সালে জেতে উয়েফা সুপার কাপও। ফাইনালে দলটি ২-০ গোলে হারায় ইন্টার মিলানকে। দ্বিতীয় গোলটি আসে অ্যাগুয়েরোর পা থেকে।
এবারের কোপা আমেরিকাতেও আলো ছড়ান তিনি। গোল করেন চারটি।
আর্জেন্টিনার কার্লোস তেভেজও খেলেন ম্যান সিটিতে, দলনায়কের বাহু-বন্ধনী পড়ে। তবে দুই মেয়ের কাছাকাছি থাকার জন্য ম্যান সিটি ছাড়তে চান তিনি। এ কথা এরই মধ্যে সিটি কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন তিনি।
দুই মেয়েকে নিয়ে তেভেজের স্ত্রী থাকেন আর্জেন্টিনায়।
ধারণা করা হচ্ছে, তেভেজের বিকল্প হিসেবে ম্যান সিটিতে অ্যাগুয়েরোকে নেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমআই/টিআর/টিএ/১৭৩৪ ঘ.
bdnews24