২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনার কোচের দৌড়ে এগিয়ে সাবেলা

এসতোদিয়ান্তেসের সাবেক কোচ অ্যালেক্সান্দ্রো সাবেলাই আর্জেন্টিনার কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2011, 04:59 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এসতোদিয়ান্তেসের সাবেক কোচ অ্যালেক্সান্দ্রো সাবেলাই আর্জেন্টিনার কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। কোপা আমেরিকায় ব্যর্থতার জন্য আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ) কোচের পদ থেকে সার্জিও বাতিস্তাকে সোমবার সরিয়ে দেয়। এএফএ'র মুখপাত্র আরনেস্তো চেরকুইস বিয়েলো এক সপ্তাহের মধ্যে নতুন কোচের নাম ঘোষণা করা হবে বলে জানান। এই পদের জন্য যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন অ্যালেক্সান্দ্রো সাবেলা, প্যারাগুয়ে কোচ জেরার্দো মার্তিনো ও আতলেটিকো মাদ্রিদের সাবেক কোচ কালোর্স বিয়াঞ্চি। কিন্তু বাকি দু'জনকে ছাপিয়ে এই মুহূর্তে সাবেলার নামই শোনা যাচ্ছে বেশি করে। "আমি আর্জেন্টিনার কোচ হতে চাই," এমন কোনো বক্তব্য অবশ্য শোনা যায়নি সাবেলার মুখ থেকে। তবে এরই মধ্যে অদ্ভুত এক কাণ্ড করেছেন তিনি। সংযুক্ত আরব আমিরাতের দল আল জারিরা'র কোচের পদে যোগ দেয়ার জন্য বিমানে করে মধ্যপ্রাচ্যের দেশটির উদ্দেশে উড়াল দেয়ার কথা ছিল তার। কিন্তু স্পোটর্স৩৬০ জানিয়েছে, আল জারিরা'র মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে তাকে দেখা যায়নি। এ কারণে বলা হচ্ছে, বিমানেই ওঠেননি তিনি। সরাসরি না বললেও আল জারিরা ম্যানেজার আয়েদ মাবখতের কথায় বোঝা যাচ্ছে, সাবিলা তাদের দলের দায়িত্ব নিচ্ছেন না। এক একে দুই মিলে এখন জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে, আর্জেন্টিনা দলের দায়িত্ব পাবেন বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন সাবেলা। মাবখত বলেন, "আনুষ্ঠানিকভাবে বলা যাচ্ছে না। তবে মনে হচ্ছে না তিনি (সাবেলা) আবুধাবি আসবেন।" "আজ (বুধবার) থেকে আমাদের অনুশীলন শুরু হলো। তাই সবাই ভেবেছিলেন তিনি মঙ্গলবার এসে পৌছবেন। না আসার সিদ্ধান্ত সাবেলা অবশ্য আল জারিরা কর্তৃপক্ষকে জানাননি," বলেন মাবখত। শেষ অবধি আসল কথা তিনি বলেই ফেলেন, "আমি ৯০ ভাগ নিশ্চিত যে সাবেলা আমাদের কোচ হচ্ছেন না।" তবে বুধবার বিবিসি'র সঙ্গে সাক্ষাৎকারে এএফএ মুখপাত্র বিয়ালোর কথায় নতুন কোচ নিয়োগের বিষয়টি জটিল আকার নিয়েছে। "এক সপ্তাহের মধ্যে কোচের নাম ঘোষণা করা হবে," এ কথা প্রত্যাহার করে নিয়ে বিয়ালো বলেন, "কোনো তাড়াহুড়া নেই। ধীরে-সুস্থে বিচার-বিবেচনা করে নতুন কোচ নিয়োগ করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২২৫১ ঘ.