ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লেবাননের কাছে বড় ব্যবধানে হারের পেছনে দলের পাশাপাশি ভ্রমণ ক্লান্তি, ঘুম ও খাওয়ার সমস্যাকে দায়ী করলেন অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য।
বিশ্বকাপ প্রাক-বাছাই ফুটবলে এশিয়া অঞ্চলের দ্বিতীয় পর্বের প্রথম খেলায় লেবাননের বিপক্ষে বাংলাদেশ ৪-০ গোলে হার মানে। সে হারের ক্ষত নিয়ে সোমবার বিকেল সাড়ে ৫ ঢাকায় এসে পৌঁছে ২৬ সদস্যের বাংলাদেশ দল।
ফিরতি খেলা হবে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২৮ জুলাই।
বিমানবন্দর থেকে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিপ্লব বলেন, "পাকিস্তানের বিপক্ষে আমরা যে ফুটবল খেলেছি, লেবাননের বিপক্ষে তার ২০ শতাংশও খেলতে পারিনি। "
এর কারণ হিসেবে তিনি বলেন, "২৬ ঘণ্টার ভ্রমণের ক্লান্তি ও খাওয়া-দাওয়ার সমস্যার কারণেই দল ভালো খেলতে পারেনি। এছাড়া এতো লম্বা ভ্রমণের পর এক রাতও ঘুমানো সম্ভব হয়নি।"
"আমরা আমাদের স্বাভাবিক খেলা খেলতে পারলে এভাবে হারতে হতো না। দলের প্রতিটি বিভাগের খেলোয়াড়রা নিজেদের নামের প্রতি সুবিচার করে খেলতে পারেননি, " দাবি বাংলাদেশ অধিনায়কের।
অধিনায়ক হয়েও বিপ্লবকে প্রথম একাদশে রাখা হয়নি। এই প্রশ্নের জবাবে বিপ্লব বলেন, "কোচের স্বাধীনতা আছে, তাই তিনি আমাকে ছাড়াই একাদশ গঠন করেছেন। তিনি হয়তো মনে করেছেন, আমাকে বাইরে রাখলে ভালো হবে। এ নিয়ে আমার কোনো আক্ষেপ নেই।"
"কোচের প্রতি আমার পূর্ণ আস্থা আছে," বলেন তিনি, "কোচ তো (নিকোলা ইলিয়েভস্কি) দলের খারাপ চাইবেন না।"
দলে কোন্দলের অভিযোগ উড়িয়ে দিয়ে বিপ্লব জানান দলে ঐক্যের কোনো ঘাটতি নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/টিএ/২০১০ ঘ.
bdnews24