ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুপার কাপ ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত খেলা হবে ৫ আগস্ট।
কোটি টাকার এই ফুটবল প্রতিযোগিতার ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) রোববার এক বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার সুপার কাপ আয়োজক কমিটির সভায় ৪ অথবা ৫ অগাস্ট ফাইনাল খেলা আয়োজনের প্রস্তাব দেয়া হয়। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ৫ অগাস্ট বেছে নেন।
সেমিফাইনালের দিনক্ষণ ঠিক করা হয় আগের দিন। ৩১ জুলাই প্রথম সেমিফাইনালে শেখ জামাল ধানমন্ডি ক্লাব খেলবে ঢাকা মোহামেডানের সঙ্গে। আর ১ আগস্ট দ্বিতীয় সেমিফাইনালে লড়বে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও ঢাকা আবাহনী।
লেবাননের বিপক্ষে বিশ্বকাপ প্রাক-বাছাই ফুটবলের এশিয়া অঞ্চলের দ্বিতীয় পর্বের খেলার জন্য গত ১৪ জুলাই স্থগিত ঘোষণা করা হয় সুপার কাপ।
প্রাক-বাছাই পর্বের প্রথম খেলায় বাংলাদেশ হার মানে ৪-০ গোলে। ফিরতি খেলা হবে ২৮ জুলাই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/০০৪৯ ঘ.
bdnews24