২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উরুগুয়েই খানিকটা এগিয়ে

নাটকীয়তাপূর্ণ এবারের কোপা আমেরিকা শেষ হতে চলেছে। রোববার ফাইনালে মুখোমুখি হচ্ছে উরুগুয়ে ও প্যারাগুয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2011, 12:52 PM

Updated : 24 Aug 2022, 03:37 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটকীয়তাপূর্ণ এবারের কোপা আমেরিকা শেষ হতে চলেছে। রোববার ফাইনালে মুখোমুখি হচ্ছে উরুগুয়ে ও প্যারাগুয়ে। বাংলাদেশ সময় সোমবার রাত ১টায় খেলা শুরু হবে। এবার শিরোপা জিতলে এককভাবে সবচেয়ে বেশিবার কোপা যাবে উগুরুগুয়ের ঘরে। উরুগুয়ে ও আর্জেন্টিনা ১৪ বার করে এই শিরোপা জিতেছে। অন্যদিকে প্যারাগুয়ে শিরোপা জিতেছে দুবার। ১৯৫৩ সালে ব্রাজিল ও ১৯৭৯ সালে চিলিকে হারিয়ে। কোপায় প্যারাগুয়ের সর্বশেষ সাফল্য বলতে ১৯৮৯ সালে চতুর্থস্থান লাভ। তাই ইতিহাস উরুগুয়ের পক্ষে। দুই দলের বর্তমান যে অবস্থা তাতেও এগিয়ে উরুগুয়েই। ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৮ নম্বর দল উরুগুয়ে। আর প্যারাগুয়ে আছে ৩২তম স্থানে। তাছাড়া দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের চতুর্থ হয়েছিলো উরুগুয়ে। আর স্পেনের কাছে ১-০ গোলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছিলো প্যারাগুয়ে। কোপার ফাইনালে আসতে এখন পর্যন্ত পাঁচ খেলার কোনটিতেই জয়ের মুখ দেখেনি প্যারাগুয়ে। গ্র"প পর্যায়ের তিন খেলায় ড্র করে তারা। আর কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের বাধা পেরিয়ে আসে টাইব্রেকারে। প্যারাগুয়ে কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ২-০ গোলে ব্রাজিলকে এবং সেমিফাইনালে টাইব্রেকারে ৫-৩ ভেনিজুয়েলাকে হারায়। আর উরুগুয়ে গ্র"প পর্যায়ের প্রথম দুটি খেলায় ড্র করলেও শেষ খেলায় মেক্সিকোকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে। কোয়ার্টার ফাইনালে স্বাগতিক আর্জেন্টিনাকে হারায় টাইব্রেকারে। আর সেমিফাইনালে ২-০ গোলে জেতে পেরুর বিপক্ষে। সব মিলিয়ে ফাইনালে উরুগুয়েই খানিকটা এগিয়ে। তবে ফুটবলে জয়ের জন্য নির্দিষ্ট দিনে ভালো খেলার পাশাপাশি ভাগ্যের সহায়তাও প্রয়োজন হতে পারে। আর ভাগ্যদেবী যে আছেন প্যারাগুয়ের পাশে! ফাইনালে উঠে প্যারাগুয়ের খেলোয়াড়দের আত্মবিশ্বাসও অনেকটা বেড়েছে। ওই আত্মবিশ্বাসের জোরেই দলটির আক্রমণভাগের খেলোয়াড় লুকাস বারিয়োস বলেন, "আমরা জানি আমাদের অনেক কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হচ্ছে। কিন্তু উরুগুয়ের প্রতিপক্ষও কিন্তু দুর্বল নয়, শক্তিশালী প্যারাগুয়ে।" নাটকীয়তা দিয়েই এবারের কোপা শুরু হয়। গ্র"প পর্ব থেকে বিদায়ের শঙ্কায় ছিল ব্রাজিল, আর্জেন্টিনা ও উরুগুয়ের মত দল। জমজমাট লড়াই দিয়ে ফুটবল ভক্তদের ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল না দেখতে পারার হতাশা কি মেটাতে পারবে উরুগুয়ে-প্যারাগুয়ে ফাইনাল ম্যাচ? সময়ই তা বলে দেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/১৮৪৩ ঘ.