ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এই মৌসুমে চেলসি ছাড়ার খবর উড়িয়ে দিয়েছেন ক্লাবটির আক্রমণভাগের খেলোয়াড় দিদিয়ের দ্রগবা। বরং পারফরমেন্স দিয়ে ফার্নান্দো তোরেসের সঙ্গে লড়াই করেই তিনি মূল একাদশে জায়গা করে নেবেন বলে জানিয়েছে।
টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাৎকারে দ্রগবা বলেন, "আমি অবশ্যই আগামী মৌসুমে এখানেই থাকছি। নতুন চুক্তির বিষয়েও আমরা কথা বলতে শুরু করেছি। যা খুবই আকর্ষণীয়।"
তিনি আরো বলেন, "সবাই জানে আমি চেলসিকে কতটা ভালোবাসি এবং আমি কি চাই। কয়েক বছর আগে আমি বলেছিলাম চুক্তি শেষ না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো। আমি তাই করেছি। চেলসির হয়েই আমি আমার খেলোয়াড়ী জীবন শেষ করতে চাই।"
গত মৌসুমে চেলসিতে যোগ দেন স্পেনের আক্রমণভাগের খেলোয়াড় তোরেস। চেলসি কোচ আন্দ্রে ভিয়াস-বোয়াস আগেই জানিয়েছিলেন মূল একাদশের শুরুতে দুজন খেলোয়াড় রাখার প্রয়োজন বোধ করছেন না তিনি।
তখন থেকেই শোনা যাচ্ছিল চেলসি ছেড়ে তুরস্কের ক্লাব গালাতাসারেতে যাচ্ছেন আইভরিকোস্টের এই তারকা খেলোয়াড়।
দলে নিজের অবস্থান পাকা করার এই লড়াই তার জন্য নতুন নয় বলে জানান ৩৩ বছর বয়সী দ্রগবা। তিনি বলেন, "সব দলেই জায়গা পেতে লড়াই করতে হয়। এটা নতুন নয়। এমনকি দুই বছর আগেও দলে জায়গা পেতে আমাকে প্রতিযোগিতা করতে হয়েছে। পারফরমেন্স দিয়েই এটা করতে হয়।"
তোরেসের বিষয়ে তার কোনো সমস্যা নেই বলে জানান দ্রগবা। বলেন, "তার (তোরেস) সঙ্গে বা তাকে ছাড়া খেলা কোনোটাতেই আমার আপত্তি নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দল হিসেবে জয় ছিনিয়ে আনা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/১৯৪১ ঘ.
bdnews24