ঢাকা, ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ প্রাক-বাছাই ফুটবলের এশিয়া অঞ্চলের দ্বিতীয় পর্বের প্রথম খেলায় অংশ নিতে বাংলাদেশ ফুটবল দল এখন লেবাননে।
বাংলাদেশ সময় বিকেল ৩ টায় (বৈরুত সময় বেলা ১২ টা) এমিরেটসের বিমানে করে লেবাননের রাজধানী বৈরুতে পৌঁছায় তারা। ২৬ সদস্যের বাংলাদেশ দলে ২০ খেলোয়াড় ও ৬ কর্মকর্তা রয়েছেন।
কয়েক ঘন্টা বিশ্রাম নিয়ে স্থানীয় সময় বিকেল সাড়ে ৫ টায় বাংলাদেশ দল বৈরুত স্টেডিয়ামে অনুশীলন করে। লেবানন থেকে দলনেতা ফজলুর রহমান বাবুল জানান, "বাংলাদেশ দলের প্রত্যেক খেলোয়াড় শারীরিক ও মানসিকভাবে ভালো অবস্থানে রয়েছে।"
২৩ জুলাই বাংলাদেশ ও লেবানন মুখোমুখি হবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায় (বৈরুত সময় বিকেল ৫ টা)। ফিরতি খেলা হবে ২৮ জুলাই ঢাকায়।
বাংলাদেশ কোচ নিকোলা ইলিয়েভস্কি লেবাননের বিপক্ষে জিততে আশাবাদী। ঢাকা ছাড়ার আগে তিনি বলেন, "আমরা জেতার জন্য মাঠে নামবো। আর অন্য কিছু ভাবনা আমাদের মাথায় নেই।"
দল: বিপ্লব ভট্টাচার্য (অধিনায়ক), জিয়াউর রহমান, মামুন খান, মামুন মিয়া, মোহাম্মদ লিঙ্কন, মোহাম্মদ সুজন, আরিফুল ইসলাম, রেজাউল করিম, নাসিরুল ইসলাম, ওয়ালী ফয়সাল, আতিকুর রহমান মিশু, প্রাণতোষ কুমার দাস, মোনায়েম খান রাজু, মামুনুল ইসলাম, জাহিদ হোসেন, শাকিল আহমেদ, আব্দুল বাতেন কোমল, মিথুন চৌধুরী, হেদায়েতুল্লাহ রবিন ও জাহিদ হাসান এমিলি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিএ/১৯২৬ ঘ.
bdnews24